শিবচর (মাদারীপুর) প্রতিবেদক
প্রকাশ : ২২ মিনিট আগে
জহিরুল হক সামচু ঢালী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
পদ্মা সেতুর টোলপ্লাজা অবরোধ, গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। এতে সাড়ে সাত মাস আগে মৃত মাদারীপুরের শিবচরের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা জহিরুল হক সামচু ঢালীকে আসামি করা হয়েছে।
বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। মৃত সামচু ঢালী উপজেলার কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন।
মামলার এজাহারে জানা যায়, গত ৯ নভেম্বর রাত ১টার দিকে শরীয়তপুরের জাজিরা প্রান্তে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় কয়েকটি যানবাহনে ভাঙচুর ও একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে প্রায় এক ঘণ্টা টোল আদায় বন্ধ ছিল। এ ঘটনায় গত বৃহস্পতিবার পদ্মা সেতু দক্ষিণ থানার এসআই আকরাম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে ২৫১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ৬০০ থেকে ৭০০ জনকে আসামি করে মামলা করেন। এজাহারের ২১৯ নম্বরে রয়েছে মৃত সামচু ঢালীর নাম।
সামচু ঢালীর ছেলে নাজমুল ঢালী বলেন, বাবা গত ২৯ মার্চ মারা গেছেন। অথচ মৃত্যুর পর তাকে একটি মামলার আসামি করা হয়েছে। প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার বিষয়ে তাদের কোনো আপত্তি নেই। তবে একজন মৃত ব্যক্তিকে কীভাবে মামলার আসামি করা হলো, সেটিই তাদের প্রশ্ন। বিষয়টি সুষ্ঠু তদন্ত করে তার বাবার নাম মামলা থেকে প্রত্যাহারের ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
এ বিষয়ে মামলার বাদী এসআই আকরাম বলেন, ‘আমি শুধু নামেই মামলার বাদী। আসামিদের নামগুলো আমাকে দেওয়া হয়েছে। কারা কী করছে, বিষয়টি আপনারা বুঝতেই পারছেন। আসামির বাড়ি শিবচরে, অথচ আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি না। সেখান থেকেই নামগুলো এসেছে। কীভাবে নামগুলো এসেছে, তা আপনারা বুঝতেই পারছেন।’
পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি মো. আব্দুস সালাম বলেন, মামলায় এতসংখ্যক আসামির মধ্যে দু-একটি নাম ভুলবশত অন্তর্ভুক্ত হতে পারে। তদন্তে যদি কারও বিরুদ্ধে অভিযোগের সত্যতা না পাওয়া যায় অথবা ভুলক্রমে নাম অন্তর্ভুক্ত হওয়ার প্রমাণ মেলে, তাহলে তাদের বাদ দেওয়ার সুযোগ রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।