পঞ্চগড় প্রতিবেদক
প্রকাশ : ৯ মিনিট আগে
হুমায়ূন কবীর লায়ন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
পঞ্চগড়ে নতুন সার ডিলার নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি ও দলীয়করণের অভিযোগ উঠেছে। নিয়োগপ্রাপ্তদের তালিকায় অভিযোগের কেন্দ্রে রয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদের ছোট ভাই ও ভাগ্নে-বউ।
এ ছাড়া সংসদ সদস্যদের আত্মীয়স্বজন, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ডিলারশিপ দেওয়ার অভিযোগ করেছেন বঞ্চিত আবেদনকারীরা। এ নিয়ে কৃষি মন্ত্রণালয়, জেলা প্রশাসক ও জেলা সার-বীজ মনিটরিং কমিটির কাছে লিখিত অভিযোগ দিয়েছেন কয়েকজন সার ব্যবসায়ী।
কৃষক পর্যায়ে পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করতে গত ৭ অক্টোবর দেশের বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় নতুন সার ডিলার নিয়োগের তালিকা প্রকাশ করে কৃষি মন্ত্রণালয়। পঞ্চগড়ের ৪৩টি ইউনিয়ন ও তিনটি পৌরসভার মধ্যে ২৯টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় ডিলার নিয়োগ দেওয়া হয়েছে।
বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নে ডিলার হয়েছেন প্রতিমন্ত্রীর ছোট ভাই ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ূন কবীর লায়ন। মেসার্স প্যারেন্টস ট্রেডার্সের নামে তিনি ডিলারশিপ পেয়েছেন। অভিযোগ রয়েছে, ওই ইউনিয়নে তিনি ছাড়া অন্য কেউ আবেদন করেননি। অন্যদিকে বোদা পৌরসভায় প্রতিমন্ত্রীর ভাগ্নে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়ের স্ত্রী আনোয়ারা পারভীন মেসার্স আরিয়ান ট্রেডার্সের নামে ডিলার নিয়োগ পেয়েছেন। সেখানে আরও তিনজন আবেদন করেছিলেন।
এ ছাড়া তেঁতুলিয়া, সদর, আটোয়ারী ও দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা, তাঁদের স্ত্রী, আত্মীয়স্বজন এবং সংসদ সদস্যদের ঘনিষ্ঠ ব্যক্তিরা ডিলার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। কয়েকটি ক্ষেত্রে একই পরিবারের একাধিক সার ও টিসিবি ডিলারশিপ থাকার পরও নতুন করে নিয়োগ দেওয়ার অভিযোগ করেছেন আবেদনকারীরা।
আটোয়ারীর সার ব্যবসায়ী দেলোয়ার হোসেন বলেন, নিয়মনীতি না মেনে টাকার বিনিময়ে আব্দুল কাদেরকে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। তাঁর বাবার নামে বিএডিসি ও বিসিআইসির সার ডিলারশিপ এবং ভাইয়ের নামে টিসিবির ডিলারশিপ রয়েছে। এতে পুরোনো সার ব্যবসায়ীরা বঞ্চিত হচ্ছেন।
পঞ্চগড় সদরের অভিযোগকারী ছোলায়মান আলী বলেন, অমরখানা ইউনিয়নে নিয়োগ পাওয়া ব্যক্তির পরিবারের আরও দুটি সার ডিলারশিপ রয়েছে। তিনি আগে ওই দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন। নিজের কোনো সার গুদামও নেই। অথচ প্রয়োজনীয় কাগজপত্র দিয়েও তিনি তালিকায় স্থান পাননি। বিষয়টি তদন্ত করে প্রকৃত যোগ্য ব্যক্তিকে নিয়োগ দেওয়ার দাবি জানান তিনি।
তেঁতুলিয়ার সার ব্যবসায়ী জয়লান আবেদীন বলেন, ডিলার তালিকায় যাঁদের নাম এসেছে, তাঁরা সবাই বিএনপির নেতা-কর্মী। তাহলে অন্যদের আবেদন নিয়ে সময় ও অর্থ নষ্ট করার প্রয়োজন ছিল না।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) পঞ্চগড়ের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ভুট্টু বলেন, সার ডিলারের তালিকায় ক্ষমতাসীন দলের লোকজনের প্রাধান্য দেখা যাচ্ছে। যাঁদের সার ব্যবসার অভিজ্ঞতা নেই, তাঁরা ডিলার হলে সার বিতরণব্যবস্থা হুমকির মুখে পড়তে পারে।
তবে অভিযোগ অস্বীকার করে আটোয়ারীর তোড়িয়া ইউনিয়নের ডিলার তালিকায় থাকা আব্দুল কাদের বলেন, তিনি দীর্ঘদিন ধরে পরিবারের বাইরে আলাদাভাবে বসবাস করছেন। ডিলার নিয়োগের সব শর্ত পূরণ করেই আবেদন করেছেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ করা অন্যদের গণতান্ত্রিক অধিকার।
প্রতিমন্ত্রীর ছোট ভাই হুমায়ূন কবীর লায়নের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি ‘নিউজ করে দেন, নিউজ করে দেন’ বলেই ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
পঞ্চগড় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল মতিন বলেন, নিয়ম অনুযায়ী উপজেলা কমিটি প্রতি ইউনিয়ন ও পৌরসভার জন্য তিনজন করে আবেদনকারীর নাম পাঠিয়েছে। তাঁদের কাগজপত্র যাচাই করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। যাচাই-বাছাইয়ের দায়িত্ব উপজেলা কমিটির।
জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন বলেন, সার ডিলার নিয়োগ নিয়ে করা অভিযোগ এখনও তিনি দেখেননি। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।