ফরিদপুর প্রতিবেদক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৩ ১৬:৩৪ পিএম
আপডেট : ১১ জানুয়ারি ২০২৩ ১৬:৫৪ পিএম
যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। প্রবা ফটো
যুবলীগ ও ছাত্রলীগের হামলায় ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণঅবস্থান কর্মসূচি পণ্ড হয়েছে।
বুধবার (১১ জানুয়ারি) বেলা ১১টার দিকে জেলার অম্বিকা ময়দানে গণঅবস্থান কর্মসূচি শুরুর ঘণ্টাখানেক পরই হামলা চালানো হয় বলে অভিযোগ করেছে বিএনপির নেতাকর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয় নেতাকর্মীরা যখন বক্তব্য দিচ্ছিলেন তখন যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় উভয়পক্ষের মাঝে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
সংঘর্ষ শুরুর পর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ধাওয়া পাল্টা ধাওয়ার কারণে কর্মসূচি পণ্ড হয়ে যায়।
বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান দাবি করেন, হামলা করেছে যুবলীগ ও ছাত্রলীগ।
তার দাবি, তাদের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।
জেলা বিএনপির সভাপতি অ্যাড. মোদাররেছ আলী ইছা বলেন, সমাবেশে আসার পথে পুলিশ আমাদের ১০ জন নেতাকর্মীকে আটক করেছে।
ফরিদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বলেন, বিএনপিরও কয়েকটি গ্রুপ রয়েছে। আবার বিরোধী রাজনৈতিক দলগুলোও মাঠে ছিল। কোথা থেকে কীভাবে শুরু হলো সেটা এখনও জানি না। তবে দুপক্ষের ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।