জেএমবির বোমা হামলা
ঝালকাঠি প্রতিবেদক
প্রকাশ : ১৮ মিনিট আগে
দুই বিচারক হত্যার ২১ বছর পূর্তিতে ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালত চত্বর থেকে একটি শোকযাত্রা বের করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর পূর্ণ হলো আজ। এ উপলক্ষে শোকযাত্রা, স্মরণসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২০০৫ সালের এই দিনে জেএমবির আত্মঘাতী বোমা হামলায় নিহত হন বিচারক শহীদ সোহেল আহম্মেদ ও জগন্নাথ পাঁড়ে।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে দুই বিচারক হত্যার ২১ বছর পূর্তিতে জেলা ও দায়রা জজ আদালত চত্বর থেকে একটি শোকযাত্রা বের করা হয়। শোকযাত্রাটি শেষ হয় নিহত বিচারকদের স্মৃতিস্তম্ভে।
এতে অংশ নেন ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ রুবাইয়া আমেনা, অতিরিক্ত জেলা প্রশাসক মো. বশির গাজী, অতিরিক্ত পুলিশ সুপার বায়েজিদ ইবনে আকবর, সরকারি কৌঁসুলি মাহেব আলম ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহাদাত হোসেনসহ বিচার বিভাগের কর্মকর্তা ও আইনজীবীরা। পরে আদালত চত্বরে শহীদ সোহেল-জগন্নাথ মঞ্চে স্মরণসভা, আলোচনা, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ২০০৫ সালের ১৪ নভেম্বর সকাল ৯টার দিকে সরকারি বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে দুই বিচারককে বহনকারী মাইক্রোবাসে বোমা হামলা চালায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সদস্যরা। এতে ঘটনাস্থলেই নিহত হন বিচারক শহীদ সোহেল আহম্মেদ। গুরুতর আহত জগন্নাথ পাঁড়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
এ ঘটনায় করা মামলায় ২০০৬ সালে সাতজনকে মৃত্যুদণ্ড দেন আদালত। পরবর্তী সময়ে ২০০৭ সালে ছয়জন এবং ২০১৬ সালে অন্য আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।