× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুই বছরে যা যা করলেন চসিক প্রশাসক ডা. শাহাদাত

মনির ফয়সাল, চট্টগ্রাম

প্রকাশ : ৯ মিনিট আগে

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দায়িত্ব নেওয়ার সময় ঘাড়ে ছিল ৫৯৬ কোটি টাকার দেনা। দুই বছরে তা নেমে এসেছে ৩২৫ কোটি টাকায়। ব্যাংকে জমা আছে প্রায় ২০০ কোটি টাকা, বন্দর কর্তৃপক্ষের কাছে পাওনা আরও ২৫০ কোটি।

রেকর্ড রাজস্ব আদায়, সড়ক-অবকাঠামোর বড় উন্নয়ন, দেশের প্রথম সাইকেল ট্র্যাক আর স্কুল শিক্ষার্থীদের স্বাস্থ্যকার্ড চালুর মধ্য দিয়ে দুই বছরের হিসাব তুলে ধরেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন। একই সঙ্গে সামনে এনেছেন গ্রিন, ক্লিন, হেলদি ও স্মার্ট নগরী গড়ার মহাপরিকল্পনা।

চসিক সূত্রে জানা যায়, বিদায়ী অর্থবছরে সংস্থাটির মোট রাজস্ব আদায় হয়েছে ৫৫৬ কোটি ৯২ লাখ টাকা, যা ইতিহাসে সর্বোচ্চ। আগের বছরের চেয়ে এই আয় ১০০ কোটি টাকার বেশি। ২০২৫-২৬ অর্থবছরে পৌরকর এসেছে ৩৮৪ কোটি টাকা, আগের অর্থবছরে যা ছিল ৩০৯ কোটি। লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় প্রায় ১১৫ শতাংশ। বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে আদায় হয়েছে প্রায় ২২৪ কোটি টাকা। ইস্যু হয়েছে ৮৮ হাজার ৫৮৭টি ট্রেড লাইসেন্স।

জানা যায়, গত দুই বছরে ৩৫৭ কিলোমিটার সড়ক উন্নয়ন, ২০টি ব্রিজ, ৬০টি কালভার্ট ও ১২ কিলোমিটার রিটেইনিং ওয়াল নির্মাণ এবং ১০টি গোলচত্বর ও ১১টি খেলার মাঠ উন্নয়ন করা হয়েছে। ৩৮টি ফুটওভার ব্রিজের মধ্যে ৪টির কাজ শেষ, ১৫টির কাজ চলছে। ৯ অক্টোবর উদ্বোধন হয়েছে ২ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ দেশের প্রথম পৃথক সাইকেল ট্র্যাক। জলাবদ্ধতা নিরসনে ৭৬টি খাল খনন ও সংস্কার এবং ৯৯৫টি নালা পরিষ্কার করা হয়েছে। ২২ দশমিক ৫ কোটি টাকায় যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে। এর বাইরে ৩৭টি খালের সমন্বিত রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনায় ৩ হাজার কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব করা হয়েছে। ২০২৮ সালের জুন থেকে ২০৩৩ সালের জুলাই পর্যন্ত মেয়াদের এই প্রকল্পে খালকে ওয়াকওয়ে, সাইকেল ট্র্যাক, পর্যটন ও জলপথ হিসেবে গড়ে তোলার কথা বলা হয়েছে। বর্জ্য ব্যবস্থাপনায় চীন, জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্যের সঙ্গে আলোচনা চলছে। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য চীনের একটি কনসোর্টিয়াম ৩০ থেকে ৪০ মেগাওয়াটের প্রস্তাব দিয়েছে। এ ছাড়া ১০ লাখ গাছ লাগানোর কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে, যার মধ্যে প্রায় ২ লাখ গাছ গত এক বছরে লাগানো হয়েছে। দেশে প্রথমবারের মতো ৫৫টি স্কুলের প্রায় ৬ হাজার শিক্ষার্থী পেয়েছে স্বাস্থ্যকার্ড। ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে নিবন্ধিত নাগরিক ২০ হাজার ২৮৭ জনের বেশি। ই-নিয়োগে ৫৮ হাজার ৮৯২টি আবেদনের বিপরীতে ১ হাজার ৫৫৭ জনের চাকরি স্থায়ী হয়েছে। সিটি গভর্ন্যান্স মূল্যায়নে ১২টি সিটি করপোরেশনের মধ্যে ১৫টি সূচকের ভিত্তিতে প্রথম স্থান পেয়েছে চসিক।

জানা যায়, নগরীতে স্মার্ট লাইটিং ও এআই নজরদারি প্রকল্পে ৪০০ কোটি টাকা ব্যয়ে সৌরবিদ্যুৎ চালিত স্মার্ট পোল, এলইডি লাইট ও আইপি ক্যামেরা বসানো হচ্ছে। ভবিষ্যৎ পরিকল্পনায় রয়েছে ১৮ থেকে ২০টি পয়েন্টে এআই ট্র্যাফিক সিস্টেম, ৪০০ একরে সৌরবিদ্যুৎ চালিত পর্যটন নগরী, ৮ থেকে ১০টি স্থানে আন্ডারগ্রাউন্ড মার্কেট এবং খালে নৌ-যাতায়াত চালু ও রেলক্রসিংয়ে ওভারপাস নির্মাণ।

চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুল আমিন বলেন, ডা. শাহাদাত হোসেন দায়িত্ব গ্রহণের পর চসিকের পুঞ্জীভূত বিশাল বকেয়া দেনা পরিশোধ যেন ছিল এক বড় চ্যালেঞ্জ। তার আন্তরিক প্রচেষ্টা ও সৎ নেতৃত্বের ছোঁয়ায় সে চিত্র আজ বদলে গেছে। দায়িত্ব পালনের দুই বছরে চসিকের দেনা বিপুল পরিমাণে কমিয়ে তিনি এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেনÑ ছাত্রদল, নগর বিএনপি ও কেন্দ্রীয় সংগঠনের বিভিন্ন পর্যায়ে প্রতিনিধিত্ব করেছেন শাহাদাত। জিয়াউর রহমান ফাউন্ডেশনে কাজ করার সময় তিনি তারেক রহমানের মানবিক চিন্তাভাবনা অনুধাবন করেছেন এবং তা বাস্তবায়নে কাজ করছেন। দুটি ওয়ার্ডেই প্রায় ১০০ কোটি টাকার কাজ হয়েছে, অথচ প্রচার নেই বললেই চলে। প্রচার না হলে সরকারকে প্রশ্নবিদ্ধ করতে চাওয়া মহলের বক্তব্যই প্রতিষ্ঠা পায় বলে মন্তব্য করে তিনি নেতাকর্মীদের সামাজিক মাধ্যমে প্রতিদিন সরকারের কাজ তুলে ধরার আহ্বান জানান। 

দুই বছরের কার্যক্রমের বিবরণ দিয়ে চসিক প্রশাসক শাহাদাত হোসেন বলেন, দায়িত্ব নেওয়ার সময় চসিকের আর্থিক অবস্থা ভালো ছিল না। আয় বৃদ্ধি ও ব্যয় ব্যবস্থাপনার মাধ্যমে দেনা কমানো সম্ভব হয়েছে। সড়ক ও নালা-নর্দমার উন্নয়নে প্রায় ২ হাজার ৪০০ কোটি টাকা ব্যয় হয়েছে। এক দিনে ৪২০ মিলিমিটার ও সাত দিনে ১ হাজার ৪৫০ মিলিমিটার বৃষ্টির পরও নগরে বন্যা হয়নি, তবে পাঁচ-ছয়টি স্থানে জলাবদ্ধতা হয়েছে। নিয়োগে স্বচ্ছতার দাবি করে তিনি বলেন, ঘুষ বা অনিয়মের প্রমাণ দিতে পারলে পদত্যাগ করবেন। ৩০টি নতুন খেলার মাঠ, চড়ভাকলিয়ায় ১২০ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র, ইকোপার্ক, কেবল কার এবং মোহরা ও পতেঙ্গায় নতুন হাসপাতালের পরিকল্পনার রয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা