গৌরনদী (বরিশাল) প্রতিবেদক
প্রকাশ : ২২ মিনিট আগে
মাদকাসক্ত ছেলের ভয়ে বসতবাড়ি থেকে বিতাড়িত হয়ে বীর মুক্তিযোদ্ধা বাবা ও মা পালিয়ে বেড়াচ্ছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
’৭১‘র রণাঙ্গনে যার ভয়ে পাক হানাদাররা ছিল আতঙ্কিত। আজ মাদকাসক্ত ছেলের ভয়ে বসতবাড়ি থেকে বিতাড়িত সেই বীর মুক্তিযোদ্ধা বাবা ও মা পালিয়ে বেড়াচ্ছেন।
ঘটনাটি ঘটেছে গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কাণ্ডপাশা গ্রামে। ওই গ্রামের মৃত তোফায়েল আহমেদ হাওলাদারের ছেলে সাবেক ব্যাংক কর্মচারী বীর মুক্তিযোদ্ধা জালাল আহমেদের ওপর হামলা চালায় নেশাগ্রস্ত ও জুয়াড়ি ছেলে কাইয়ুম হাওলাদার খোকন (৫০)। এ ঘটনায় মামলা করায় বীর মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে ঘরের মধ্যে আটকে রাখে এবং বাড়ির আওলি বেড়ায় আগুন ধরিয়ে দেয়। স্থানীয়দের সহায়তায় প্রাণে রক্ষা পেয়ে সেই থেকে গত ১০দিন ধরে প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছে মুক্তিযোদ্ধা দম্পত্তি।
বীর মুক্তিযোদ্ধা
জালাল আহমেদ এজাহারে বলেন, আমার
ছেলে কাইয়ুম হাওলাদার খোকন একজন মাদকাসক্ত
ও জুয়াড়ি। কোনো কাজ কর্ম না করে সারাদিন বখাটেপনা করে বেড়ায়। সে প্রায়ই পুকুরের
মাছ, গাছ, বাড়ির মূল্যবান
আসবাবপত্র বিক্রি করে নেশা করে ও জুয়া খেলে। এতে বাধা দিলে আমাকে মারধর করে। গত ৮
নভেম্বর দুপুর ১টায় ঘরে ঢুকে জোরপূর্বক ১০ হাজার টাকা নিয়ে যায়। এ সময় আমার স্ত্রী
আকলিমা বাধা দিলে হামলা করে কিল ঘুষি, লাথি মারে।
যাওয়ার সময় বসত ঘর ভাঙচুর করে। এর আগে গত ৩ নভেম্বর নেশার জন্য টাকা চাইলে আমি
দিতে অস্বীকার করায় আমাকে
গালিগালাজসহ মারতে উদ্যত হয় এবং রাতে ঘরের মধ্যে স্ত্রীসহ আমাকে বসত ঘরে আটকে রাখে এবং বাড়ির আওলি বেড়ায়
আগুন দিয়ে আতংক সৃষ্টি করে আমাদের ভয় দেখায়। স্থানীয়রা আমাকে উদ্ধার করে
প্রাণ রক্ষা করেছে। নেশাগ্রস্ত ছেলের ভয়ে প্রাণ রক্ষায় আমি স্ত্রীকে নিয়ে পালিয়ে
বেড়াচ্ছি। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি প্রশাসনের সহযোগিতা কামনা করছি।
অভিযোগের ব্যাপারে জানতে চাইলে কথা বলতে রাজি হননি ছেলে কাইয়ুম হাওলাদার।