প্রতীকী ছবি
ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রিপন চন্দ্র (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। নিহত রিপন বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) কর্মকর্তা ছিলেন।
ঠাকুরগাঁও শহরের বন বিভাগ কার্যালয়ের সামনে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিপন চন্দ্র পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া এলাকার হরিপ্রসাদ রায়ের ছেলে।
ঠাকুরগাঁও সদর থানার উপপরিদর্শক (এসআই) বাবুল হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঠাকুরগাঁও শহর থেকে একটি মোটরসাইকেল যাওয়ার পথে বন বিভাগ কার্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী রিপন ঘটনাস্থলেই নিহত হন। এ সময় আরও দুজন আহত হন।
ঠাকুরগাঁও সদর থানার এসআই জানান, দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।