নওগাঁ প্রতিবেদক
প্রকাশ : ১৪ মিনিট আগে
নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নওগাঁ ইসলামী ব্যাংকের ক্রেডিট কার্ডের জালিয়াতির মাধ্যমে ৪ কোটি ৫৪ লাখ ১৩ হাজার টাকা আত্মসাতের চাঞ্চল্যকর ঘটনা উদ্ঘাটিত হয়েছে। এনপিএসবি নেটওয়ার্ক ব্যবহার করে বিভিন্ন ব্যাংকের বুথ থেকে অভিনব কায়দায় এই অর্থ হাতিয়ে নেওয়া হয়।
এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষের করা মামলায় গত ৩৬ ঘণ্টা অভিযান চালিয়ে মূল অভিযুক্ত ব্যক্তি ও তার স্ত্রীকে বগুড়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে আত্মসাৎ করা নগদ ১৫ লাখ টাকা, বিভিন্ন ব্যাংকের ৭টি এটিএম কার্ড, ৩টি চেক বই এবং অপরাধে ব্যবহৃত দুটি স্মার্টফোন জব্দ করা হয়।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেনÑনওগাঁর বদলগাছী উপজেলার আক্কেলপুর মধ্যপাড়ার শহিদুল ইসলাম রিপন ও তার স্ত্রী মালিহা তাবচ্ছুম নিশি। শহিদুল ইসলাম ইসলামী ব্যাংক নওগাঁ শাখার একজন বিনিয়োগ গ্রাহক ছিলেন।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, ২০১৫ সালে শহিদুল ইসলামের অনুকূলে ১ লাখ টাকা সীমার একটি ‘খিদমাহ ক্রেডিট কার্ড’ ইস্যু করেছিল ইসলামী ব্যাংক নওগাঁ শাখা। সম্প্রতি ওই কার্ড ও পূবালী ব্যাংকের এটিএম/সিআরএম বুথের এনপিএসবি নেটওয়ার্ক ব্যবহার করে তিনি ব্যাংক হিসাবে ধারাবাহিক ও অননুমোদিত অর্থ স্থানান্তর শুরু করেন। শুরুতে প্রতি লেনদেনে ১ লাখ টাকার কম স্থানান্তর করা হলেও পরবর্তী সময়ে তা বাড়িয়ে প্রতি লেনদেনে ২ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়, যা অনুমোদিত সীমার সম্পূর্ণ পরিপন্থী। গত বছরের জুন থেকে চলতি বছরের ৯ নভেম্বর পর্যন্ত ৪২০টিরও বেশি লেনদেনের মাধ্যমে ব্যাংকটির মোট ৪ কোটি ৫৪ লাখ ১৩ হাজার টাকা আত্মসাৎ করা হয়।
পুলিশ সুপার আরও জানান ব্যাংক কর্তৃপক্ষের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর নওগাঁ সদর মডেল থানায় মামলা পুলিশ তদন্ত শুরু করেন। টানা ৩৬ ঘণ্টা বগুড়া সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মূল অভিযুক্ত শহিদুল ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বগুড়ায় তাদের শয়নকক্ষের কাঠের আলমারিতে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা নগদ ১৫ লাখ টাকা, ৭টি এটিএম কার্ড ও ৩টি চেক বই উদ্ধার করা হয়।
এসপি তারিকুল ইসলাম বলেন, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দম্পতি জালিয়াতির কথা স্বীকার করেছেন। তারা জানিয়েছেন, আত্মসাৎ করা অর্থের একটি বড় অংশÑপ্রায় ১ কোটি ৫০ লাখ টাকা দিয়ে বগুড়ায় জমি কেনা হয়েছে। বাকি টাকা দিয়ে তারা বিলাসী জীবনযাপন করতেন। এ ঘটনার পেছনে ব্যাংকের অভ্যন্তরীণ কোনো চক্র বা অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশের নিবিড় তদন্ত অব্যাহত রয়েছে। সংবাদ সম্মেলনে এ সময় পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।