× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৪০ কারখানা

আব্দুল্লাহ আল নোমান, আশুলিয়া (ঢাকা) প্রতিবেদক

প্রকাশ : ১৭ মিনিট আগে

কারখানার ফটকে ঝুলছে বন্ধের নোটিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কারখানার ফটকে ঝুলছে বন্ধের নোটিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, হাজিরা বোনাস ও টিফিন বিল বৃদ্ধি, শ্রমিক ছাঁটাই এবং কালো তালিকাভুক্তি বন্ধসহ বিভিন্ন দাবিতে চলমান শ্রমিক অসন্তোষের জেরে ঢাকার সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলের অন্তত ৪০টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ।

বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা প্রয়োগ করে এসব কারখানা বন্ধ রাখা হয়েছে। এদিকে শ্রমিকদের কর্মবিরতি ও কাজে যোগ দিতে অনীহার কারণে শনিবার আরও কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বিভিন্ন সূত্রে এসব কারখানার সংখ্যা ৭ থেকে ১০টির মধ্যে বলে জানা গেছে। এতে শিল্পাঞ্চলের হাজারো শ্রমিকের জীবিকা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

শনিবার সকালে কাজে যোগ দিতে এসে কারখানার প্রধান ফটকে বন্ধের নোটিশ দেখে অনেক শ্রমিক বাসায় ফিরে যান। কয়েকটি কারখানায় শ্রমিকরা উপস্থিত হয়ে হাজিরা দেওয়ার পরও কাজে যোগ দিতে অস্বীকৃতি জানান। কোথাও কোথাও শ্রমিকদের জটলা পাকানোর চেষ্টাও দেখা যায়। তবে দুপুর পর্যন্ত শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি শান্ত ছিল। অধিকাংশ খোলা কারখানায় স্বাভাবিকভাবে উৎপাদন কার্যক্রম চলেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, “শ্রমিক অসন্তোষের কারণে সাভার-আশুলিয়ার অন্তত ৪০টি পোশাক কারখানা বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া শ্রমিকরা কাজে যোগ না দেওয়ায় আরও কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। শনিবার শিল্পাঞ্চলে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ পয়েন্ট ও বন্ধ ঘোষিত কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে”।

বন্ধ ঘোষিত কারখানাগুলোর মধ্যে রয়েছে- চান্তিক গার্মেন্টস লিমিটেড, এ আর জিন্স প্রডিউসার লিমিটেড, এফ জি এস ডেনিম ওয়্যার লিমিটেড, আজমত অ্যাপারেলস লিমিটেড, ফ্যাশন ডট কম লিমিটেড, আলপস অ্যাপারেলস লিমিটেড, ঈগল টেক্সটাইল লিমিটেড, জিহান গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কন্টিনেন্টাল গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, অ্যাকটিভ কম্পোজিট মিলস লিমিটেড, তাহারাত কম্পোজিট লিমিটেড, আনাম গার্মেন্টস লিমিটেড, এস-২১ অ্যাপারেলস লিমিটেড, এনভয় গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠান, রেডিয়্যান্স নীটওয়্যার লিমিটেড, নিউ এইজ গার্মেন্টস লিমিটেড, কাইলক নিউ এইজ বিডি লিমিটেড, নিউ এইজ অ্যাপারেলস লিমিটেড ও মানতা অ্যাপারেলস লিমিটেডসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান।

শ্রম আইনের ১৩(১) ধারা প্রয়োগের ফলে বন্ধ কারখানাগুলোতে 'নো ওয়ার্ক, নো পে' নীতি কার্যকর থাকবে। অর্থাৎ, এ ধারার আওতায় কারখানা বন্ধ থাকাকালে সংশ্লিষ্ট শ্রমিকরা মজুরি পাবেন না। এতে কর্মহীন শ্রমিকদের আর্থিক সংকট আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু বলেন, “শ্রম আইনের ১৩(১) ধারায় কারখানা বন্ধ ঘোষণা করা হলে শ্রমিকদের মধ্যে ক্ষোভ আরও বাড়তে পারে। এ ধরনের সিদ্ধান্ত চলমান শ্রমিক আন্দোলনকে আরও উসকে দেওয়ার পরিস্থিতি তৈরি করতে পারে। তাই সংঘাত এড়িয়ে আলোচনার মাধ্যমে শ্রমিকদের দাবিদাওয়া সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন”।

এর আগে কয়েক দিন ধরে জামগড়া, নরসিংহপুর, জিরাবো, নিশ্চিন্তপুর ও পুকুরপাড়সহ আশুলিয়ার বিভিন্ন এলাকায় শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়ে। ন্যূনতম মজুরি বৃদ্ধি, হাজিরা বোনাস ও টিফিন বিল বাড়ানো, শ্রমিক ছাঁটাই বন্ধ এবং কালো তালিকাভুক্তির প্রতিবাদে বিভিন্ন কারখানায় কর্মবিরতি, বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটে।

একপর্যায়ে শ্রমিক-পুলিশের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এসব ঘটনায় পুলিশ ও শ্রমিকসহ বেশ কয়েকজন আহত হন। পরবর্তী সময়ে শিল্পাঞ্চলের নিরাপত্তা জোরদারে বিজিবিসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

এদিকে তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ মাসিক ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে। অন্যদিকে মালিকপক্ষ ওই সভায় কোনো নির্দিষ্ট প্রস্তাব না দিয়ে আরও এক সপ্তাহ সময় চেয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ফলে মজুরি নিয়ে শ্রমিক-মালিকপক্ষের মধ্যে সমঝোতা না হওয়ায় শিল্পাঞ্চলে অসন্তোষের অবসান ঘটছে না।

শিল্পসংশ্লিষ্টদের মতে, শ্রমিকদের মজুরি ও সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবি এবং উৎপাদন অব্যাহত রাখার বাস্তবতা- দুইয়ের মধ্যে সমন্বয় না হওয়ায় সাভার-আশুলিয়ার পোশাকশিল্প ক্রমেই চাপের মুখে পড়ছে। একদিকে কারখানা বন্ধ থাকায় শ্রমিকদের আয়-রোজগার অনিশ্চিত হয়ে পড়ছে, অন্যদিকে উৎপাদন ব্যাহত হওয়ায় সময়মতো ক্রয়াদেশ সরবরাহ নিয়েও উদ্বেগ তৈরি হচ্ছে। দ্রুত শ্রমিক-মালিকপক্ষের মধ্যে কার্যকর সংলাপের মাধ্যমে গ্রহণযোগ্য সমাধান না এলে কারখানা বন্ধের সংখ্যা আরও বাড়তে পারে। এর নেতিবাচক প্রভাব পড়তে পারে শ্রমিকদের জীবন-জীবিকা, শিল্পের উৎপাদন সক্ষমতা এবং দেশের রপ্তানি আয়ের ওপর।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা