গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ১৫ মিনিট আগে
আজ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বেতন বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে। পুলিশ টিয়াল শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দেয়। দেড় ঘণ্টা পর সড়ক অবরোধ মুক্ত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
গাজীপুরের কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকায় বেতন বাড়ানোর দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা।
পরে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা তাদের ধাওয়া দিয়ে টিয়াল শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে দেড় ঘণ্টার পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে।
শনিবার সকালে সাড়ে ৯টার দিকে
শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে পোশাক শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবরোধ
করে। এতে দীর্ঘ যানজটের তৈরি হয়। পরে বেলা ১১টায় যান চলাচল শুরু হয়েছে। গাজীপুর শিল্প
পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, শনিবার গাজীপুরের কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এবং
এর আশপাশে কয়েকটি শিল্প কারখানার শ্রমিক কাজে যোগ না দিয়ে কারখানার ভেতর বিক্ষোভ করতে
থাকে। একপর্যায়ে তারা মহাসড়ক অবরোধ করে। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ
এলাকার আশপাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের তৈরি হয়।
খবর পেয়ে শিল্প পুলিশ, জেলা পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে
টিয়াল শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের সরিয়ে নিলে মহাসড়কে যান চলাচল শুরু হয়।
গাজীপুর জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম জানান,
শনিবার সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কয়েকটি স্থানে অবরোধ ছিল। পরে তাদের সাউন্ড
গ্রেনেড ছুড়ে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা থেকে কোনাবাড়ী
পর্যন্ত যান চলাচল স্বাভাবিক রয়েছে।
প্রসঙ্গত, শনিবার সকালে কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকায় ৬-৭টি কারখানার
শ্রমিক ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলে আসে। এদের সরাতে শিল্প পুলিশ, জেলা পুলিশ কাজ করছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সতর্ক অবস্থানে আছে।