দিনাজপুরের বিরামপুরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন সমাজকল্যাণমন্ত্রী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সরকারি যেকোনো ধরনের সহযোগিতা পেতে কাউকে কোনো টাকা-পয়সা দিতে হবে না। কেউ টাকা দাবি করলে তাকে টাকা না দেওয়ার আহ্বান জানিয়েছেন নারী ও শিশু বিষয়কমন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। একই সঙ্গে দেশকে মাদকমুক্ত রাখা এবং চাঁদাবাজি, সন্ত্রাস ও দখলদারত্বের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার বিকেলে দিনাজপুরের
বিরামপুর উপজেলা অডিটোরিয়ামে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে
প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশকে মাদকমুক্ত রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে। একইভাবে
চাঁদাবাজি, সন্ত্রাস ও দখলদারত্ব থেকে সমাজকে মুক্ত রাখতে জনগণের সহযোগিতা প্রয়োজন।
কোথাও কোনো অনিয়ম বা বিশৃঙ্খলা দেখলে স্থানীয় মুরুব্বিদের জানাতে হবে এবং প্রশাসনের
সহযোগিতা নিতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও এ ক্ষেত্রে জনগণকে সহযোগিতা করবে।
তিনি আরও বলেন, এ দেশের ৯৯ দশমিক ৯ শতাংশ মানুষ ভালো থাকতে চায়। মাত্র
শূন্য দশমিক ১ শতাংশ মানুষ সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। এই অল্পসংখ্যক অন্যায়কারীর
কাছে আমরা হেরে যেতে পারি না। অন্যায়ের প্রতিবাদ এবং ন্যায় প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ
হতে হবে।
মন্ত্রী বলেন, যারা সমাজে বিশৃঙ্খলা ও অনাচার সৃষ্টি করতে চায়, তাদের
বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তাহলেই সমাজে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা
করা সম্ভব হবে।
বিরামপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের ৮৬ জন শিক্ষার্থীকে ৩ হাজার টাকা করে, মাধ্যমিক বিদ্যালয়ের ৫২ জন শিক্ষার্থীকে ৫ হাজার টাকা করে এবং কলেজপড়ুয়া ৩৪ জন শিক্ষার্থীকে ৭ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২৬ জন শিক্ষার্থীকে একটি করে বাইসাইকেল এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১৭ জন নারীকে একটি করে সেলাই মেশিন দেওয়া হয় অনুষ্ঠানে।
এ সময় অনুষ্ঠিত জব ফেয়ারে ফাস্ট কুরিয়ার সার্ভিসে নিয়োগপ্রাপ্তদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরীন, উপজেলা বিএনপির সভাপতি মিঞা মোহাম্মদ শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, উপজেলা যুবদলের সদস্য সচিব মিঞা মো. শিরণ আলম, জেলা বিএনপির সহসভাপতি আতিকুর রহমান রাজাসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।