হবিগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ২ ঘণ্টা আগে
চুনারুঘাট উপজেলার দেউন্দি চা বাগানের বুকজুড়ে প্রাকৃতিক সৌন্দর্য। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেউন্দি চা বাগানের বুকজুড়ে প্রাকৃতিক সৌন্দর্যের লীলা সবারই চোখে পড়বে। এখানে ফুটে আছে লাল শাপলা। চা বাগানের মধ্যে একটি বিলে ফুটে থাকা অসংখ্য লাল শাপলা দৃষ্টি কাড়ছে। প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই ছুটে আসছেন পর্যটক ও প্রকৃতিপ্রেমীরা।
বিলটি ‘দেউন্দি লাল শাপলা বিল’ নামে পেয়েছে পরিচিতি। বিলের পানিতে ফুটে থাকা লাল শাপলা, চারপাশের সবুজ চা বাগান আর নির্মল প্রাকৃতিক পরিবেশ দর্শনার্থীদের মুগ্ধ করছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেউন্দি লাল শাপলা বিলের সৌন্দর্যের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে পর্যটকদের অনেক বেশি আগ্রহ সৃষ্টি করেছে। ফলে প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীদের আনাগোনা। অনেকেই পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসছেন। বিশেষ করে শীত এলেই পর্যটক বেড়ে যায়। সাপ্তাহিক ছুটির দিনে জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে লাল শাপলা দেখতেই ছুটে আসেন চা-বাগান বেষ্টনীর মধ্যে থাকা এই শাপলা বিলে।
অপরূপ প্রকৃতির এই দৃশ্য চুনারুঘাটের পর্যটন সম্ভাবনাকে আরও বাড়িয়ে তুলবে বলে মনে করছেন স্থানীয়রা। তবে বিলের প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় দর্শনার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তারা। শাপলা না ছিঁড়ে এবং ময়লা-আবর্জনা না ফেলে সৌন্দর্য উপভোগের মাধ্যমে স্থানটির পরিবেশ সংরক্ষণ করা প্রয়োজন।
সবুজ চা বাগানের বুকে লাল শাপলার এমন সমারোহ দেউন্দিকে নতুন করে পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলেছে। তবে দেউন্দি শাপলা বিলে প্রয়োজনীয় পর্যটন সুবিধা গড়ে ওঠেনি। নেই ভালো শৌচাগার, বিশুদ্ধ পানির ব্যবস্থা কিংবা পর্যাপ্ত বসার জায়গা। পর্যটকদের স্বাচ্ছন্দ্য ও নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় উদ্যোগ প্রয়োজন।