শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিবেদক
প্রকাশ : ১৯ ঘণ্টা আগে
শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে ইউএনও জিয়াউর রহমানের সভাপতিত্বে জরুরি সভা চা বাগান খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
শ্রমিক অসন্তোষ ও চরম উত্তেজনার জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষিত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফিনলে কোম্পানির মালিকানাধীন খেজুরিছড়া চা বাগান ও কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে এই সমঝোতায় বাগান কর্তৃপক্ষকে কড়া শর্তের মুখে পড়তে হয়েছে। শুক্রবার উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত দীর্ঘ সাত ঘণ্টার বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
শুক্রবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে উপজেলা ইউএনও জিয়াউর রহমানের সভাপতিত্বে এ জরুরি সভা অনুষ্ঠিত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, শুক্রবার থেকেই বাগান ও কারখানা খুলে দেওয়া হয়েছে। শনিবার থেকে শ্রমিকরা কাজে ফিরবেন।
সাত ঘণ্টা ধরে চলা এই উত্তেজনাপূর্ণ আলোচনায় ফিনলে টি কোম্পানির প্রতিনিধি, আন্দোলনরত চা-শ্রমিক প্রতিনিধি, স্থানীয় বিএনপি নেতা, পুলিশ প্রশাসনের কর্মকর্তা, সামাজিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। দীর্ঘ দেনদরবার ও মতবিনিময়ের পর লিখিত শর্তসাপেক্ষে বিরোধ নিষ্পত্তিতে ঐকমত্যে পৌঁছায় সব পক্ষ।
এ বিষয়ে উপজেলা ইউএনও জিয়াউর রহমান বলেন, খেজুরীছড়া চা বাগানের অচলাবস্থা ও শ্রমিক অসন্তোষ নিরসনে প্রশাসনের মধ্যস্থতায় সংশ্লিষ্ট সব পক্ষের অংশগ্রহণে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শ্রমিক ও মালিকপক্ষের বক্তব্য গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সর্বসম্মতিক্রমে চারটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর মধ্য দিয়ে বাগানের অচলাবস্থার নিরসন হলো।