রাজবাড়ী প্রতিবেদক
প্রকাশ : ২০ ঘণ্টা আগে
রাজবাড়ীর বালিয়াকান্দিতে সকালে মীর মশাররফ হোসেনের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন সংস্কৃতিমন্ত্রী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, গত ১৭ বছর শিক্ষা, সংস্কৃতি ধ্বংস করে দেওয়া হয়েছে। কোনো উন্নয়ন করেনি। বাংলা সাহিত্যের জাগরণের যুগে মীর মশাররফ হোসেন ব্যাপক ভূমিকা রেখেছেন। তিনি ছিলেন বহুমাত্রিক প্রতিভার অধিকারী। তার সাহিত্যকর্ম ও অবদানকে গুরুত্ব দিয়ে জন্মবার্ষিকী উদযাপন করা হচ্ছে।
শুক্রবার সকালে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদীতে অবস্থিত মীর মশাররফ হোসেন স্মৃতি কেন্দ্রে তার ১৭৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেনÑ রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন অর রশীদ, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেনÑ বাংলা একাডেমির সচিব (উপসচিব) ড. সেলিম রেজা।
শুভেচ্ছা বক্তৃতা করেনÑ বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মুরাদ ইসলাম, আলোচনা করেন, লেখক ও গবেষক অধ্যাপক আবুল আহসান চৌধুরী, অধ্যাপক সালাম তাছির, বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক মো. সাইফুর রহমান (খোকন মাহমুদ), রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ, মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদের সভাপতি মুন্সী আমির আলী, মীর মশাররফ হোসেন কলেজের সহকারী অধ্যাপক শাহজালাল প্রমুখ।
এর আগে সকাল ১০টার দিকে মীর মশাররফ হোসেনের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন সংস্কৃতিমন্ত্রী। এ সময় বাংলা একাডেমি, স্থানীয় প্রশাসন, মীর মশাররফ হোসেন কলেজ, মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদ, মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদ, জেলা জাসাসসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে বেলুন উড়িয়ে জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে স্মৃতি কেন্দ্র প্রাঙ্গণে মীর মশাররফ হোসেনের কর্মময় জীবন ও সাহিত্যকর্ম নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়।
জন্মবার্ষিকী উপলক্ষে স্মৃতি কেন্দ্রে দিনব্যাপী মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কুইজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উল্লেখ্য, মীর মশাররফ হোসেন ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার লাহিনীপাড়া গ্রামে তার মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। ১৯১১ সালের ১৯ ডিসেম্বর রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামে তিনি মৃত্যুবরণ করেন। পরে সেখানেই তাকে সমাহিত করা হয়। তার স্মৃতি সংরক্ষণের জন্য পদমদীতে নির্মাণ করা হয়েছে মীর মশাররফ হোসেন স্মৃতি কেন্দ্র।
স্মৃতি কেন্দ্রে তার স্ত্রী বিবি কুলসুম, ভাই মীর মোকাররম হোসেন এবং ভাইয়ের স্ত্রী বিবি খোদেজা বেগমের সমাধিও রয়েছে। সাহিত্যিক মীর মশাররফ হোসেন গল্প, উপন্যাস, নাটক, কবিতা, আত্মজীবনী, প্রবন্ধ ও ধর্ম বিষয়ক মোট ৩৭টি বই রচনা করেছেন। তার রচিত কালজয়ী উপন্যাস ‘বিষাদ সিন্ধু’ বাংলা সাহিত্যের অন্যতম উল্লেখযোগ্য সৃষ্টি।