গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ২১ ঘণ্টা আগে
ঢাকা-চট্টগ্রাম রেলপথে গাজীপুরের পুবাইলে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঢাকা-চট্টগ্রাম রেলপথে গাজীপুরের পুবাইলে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। চট্টগ্রাম থেকে ঢাকাগামী লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে সৃষ্ট কালো ধোঁয়ায় ট্রেনের যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ট্রেনের যাত্রীরা জানায়, বিকেল সাড়ে ৪টার দিকে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী এগারসিন্দুর ট্রেনটি পুবাইল স্টেশন অতিক্রম করছিল। স্টেশন ছাড়িয়ে কিছুদূর যাওয়ার পরই ট্রেনের ইঞ্জিনে আগুন ধরে যায়। এতে প্রচুর কালো ধোঁয়া বের হলে ট্রেনের যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়ায়। ওই অবস্থায় ট্রেনটির ইঞ্জিন বন্ধ করে দিলে ধোঁয়া কমে গেলেও আগুন থেকে যায়। পরে স্থানীয়রা পানি দিয়ে ও ট্রেনের নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিভিয়ে ফেলা হয়।
বাংলাদেশ রেলওয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক আনিসুর রহমান জানান, গাজীপুরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। অন্য একটি ইঞ্জিন দিয়ে আটকে পড়া এগারসিন্দুর ট্রেনটি ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। ঘটনা তদন্তে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ভৈরব রেলওয়ে থানার ওসি রফিকুল হাসান বলেন, ঢাকাগামী এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিন থেকে ধোঁয়া বের হয়েছিল। তবে আগুন ছিল কিনা তা নিশ্চিত করতে পারেননি। এতে চট্টগ্রাম থেকে ঢাকাগামী লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ঢাকা থেকে চট্টগ্রামগামী লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।