দুপচাঁচিয়া প্রতিবেদক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬ ১৪:৪৯ পিএম
শুক্রবার ভোর ৫টার দিকে দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের খাদ্যগুদামের সামনে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোজাফফর হোসেন নামের এক চালক নিহত হয়েছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বগুড়ার দুপচাঁচিয়ায় ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোজাফফর হোসেন (৩৯) নামের এক চালক নিহত হয়েছেন।
শুক্রবার ভোর ৫টার দিকে দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের খাদ্যগুদামের
সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোজাফফর হোসেন জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার দেবীশাউল উত্তরপাড়া
এলাকার মজিবর প্রামাণিকের ছেলে। তিনি পেশায় সিএনজিচালিত অটোরিকশার চালক ছিলেন।
স্থানীয়রা জানান, ভোরে গ্যাস নেওয়ার জন্য সিএনজিচালিত অটোরিকশা নিয়ে
বগুড়ার দিকে যাচ্ছিলেন মোজাফফর। পথে খাদ্যগুদামের সামনে বিপরীত দিক থেকে আসা পাবনা-ট-১১-০৬৬৮
নম্বরের একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা
তাকে মৃত ঘোষণা করেন।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজলিমুর রহমান দুর্ঘটনায়
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত ব্যক্তির মরদেহ শহীদ জিয়াউর রহমান
মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত
ব্যবস্থা নেওয়া হবে।