শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬ ১২:২৭ পিএম
কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন উপলক্ষে গাজীপুরের পিরুজালী গ্রামে তার হাতে গড়া নুহাশ পল্লীতে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিটে নুহাশ পল্লীর লিচুতলায় এক হাজার মোমবাতি প্রজ্বালনের মধ্য দিয়ে শুরু হয় জন্মদিনের আয়োজন।
শুক্রবার সকাল ৮টায় হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে হুমায়ূন আহমেদের ভক্ত, কবি, লেখক ও নাট্যাঙ্গনের ব্যক্তিরা ফুল দিয়ে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেন জনপ্রিয় এই লেখক ও নির্মাতাকে।

নুহাশ পল্লীর ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ জানান, হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার রাতে এক হাজার মোমবাতি প্রজ্বালনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। তবে অসুস্থতার কারণে এবার জন্মদিনের আয়োজনে যোগ দিতে পারেননি হুমায়ূন আহমেদের দুই সন্তান নিনিদ ও নিষাদ। পরে বেলা সাড়ে ১১টায় কেক কাটেন নুহাশ পল্লীর কর্মকর্তা-কর্মচারীরা।
১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন হুমায়ূন আহমেদ। তার জন্মদিন উপলক্ষে নিজের হাতে গড়ে তোলা নুহাশ পল্লীতে রাখা হয়েছে নানা আয়োজন।
বাংলাদেশের জনপ্রিয় এই লেখক ২০১২ সালের ১৯ জুলাই যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। কোলন ক্যানসারে আক্রান্ত হওয়ার পর প্রায় ১০ মাস চিকিৎসাধীন ছিলেন তিনি। পরে নিউইয়র্কের একটি হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন বাংলা সাহিত্যের এই জনপ্রিয় কথাসাহিত্যিক।