তানোর (রাজশাহী) প্রতিবেদক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬ ২১:৫১ পিএম
তানোর উপজেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক পলাশ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
রাজশাহীর তানোর উপজেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক প্রাণপুর গ্রামের আব্দুল লতিফের পুত্র পলাশ আলীকে (২৯) গ্রেপ্তার করেছে তানোর পুলিশ। বুধবার রাতে তাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার দুপুরে তাকে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধ ধর্ষণচেষ্টার মামলায় আদালতে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
মামলার বিবরণ, এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, তানোর মুণ্ডমালার একটি এনজিও নারী কর্মী বাদী হয়ে ওই এনসিপি নেতার বিরুদ্ধে গত ৭ সেপ্টেম্বর আদালতে ধর্ষণচেষ্টার অভিযোগে একটি মামলা করেন। আদালত ওই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
বাদীর করা মামলায় উল্লেখ করেছেন, দীর্ঘদিন ধরে ওই এনজিওকর্মীকে এনসিপি নেতা পলাশ কুপ্রস্তার দেওয়ার পাশাপাশি বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিলেন। গত ২ সেপ্টেম্বর রাত পৌনে ৯টার দিকে ফিল্ডের কাজ শেষে মুণ্ডমালায় অফিসে যাওয়ার পথে পাচন্দর উদামুন্না পুকুরের কাছে যাওয়া মাত্র ওত পেতে থাকা ওই নেতা তাকে জাপটে ধরে ধস্তাধস্তি ও ধর্ষণের চেষ্টা করেন।
এ সময় ডাকচিৎকারে লোকজন এগিয়ে এলে তিনি পালিয়ে যান। পরে ওই এনজিওকর্মীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে ওই নারী আদালতে ধর্ষণচেষ্টার অভিযোগে একটি মামলা করেন।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহামুদুর হাসান বলেন, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে তাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তাকে বৃহস্পতিবার দুপুরে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।