মুন্সীগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬ ২১:৪৯ পিএম
মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নে বিএনপির দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলি, পাল্টা হামলা ও শত শত ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নে বিএনপির দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একই ইউনিয়নের নোয়াদ্ধা, আমঘাটা, রাজারচর, মহেশপুরসহ ৬-৭ গ্রামে গোলাগুলি, দফায় দফায় হামলা, পাল্টা হামলা ও শত শত ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এতে গুলিবিদ্ধসহ ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত এ সহিংসতার ঘটনা।
বুধবার রাত সাড়ে ১১টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ডের নোয়াদ্ধা ঢালীকান্দি গ্রামে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এর পর থেকে রাতভর দফায় দফায় উভয় পক্ষের মধ্যে চলে ককটেল বিস্ফোরণ, হামলা-পাল্টাহামলা ও সংঘর্ষের ঘটনা। এ সময় চারজন গুলিবিদ্ধসহ আরও কয়েকজন আহত হয়। গুলিবিদ্ধ গুরুতর আহত অবস্থায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন দিদার শিকদার (৪৫), সানি সর্দার (২৫) বোরহান শিকদার (৪৭) এবং দিদার ঢালী (৪৭)।
প্রাথমিক চিকিৎসা শেষে জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আহতরা কেউ কেউ গ্রেপ্তার এড়াতে গোপনে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে পুলিশের গাড়ি লক্ষ্য করে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। বর্তমানে মোল্লাকান্দি ইউনিয়নজুড়ে আতঙ্ক বিরাজ করছে। প্রতিটি গ্রামে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
স্থানীয় ইউপি নির্বাচনে বিএনপির দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে এর আগেও দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, গোলাগুলি ও হাজার ককটেল বিস্ফোরণ, আহত ও নিহতের ঘটনা ঘটেছে।
মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ তছলিম উদ্দিন জানান, ঘটনার পর থেকেই এলাকায় অভিযান পরিচালনা করছে পুলিশ। অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, সংঘর্ষ চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে ককটেল হামলাকারীরা পুলিশের গাড়ির সামনে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
চরাঞ্চলে বিস্তীর্ণ কৃষিজমিতে খোলা ময়দানে তারা ব্যাপক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়। রাতে কয়েকজন আহত হয়েছে, সকালে এ ঘটনায় কোনো আহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।