সদর উপজেলার চিনাইর গ্রামে অবস্থিত স্মৃতিস্তম্ভটির অধিকাংশ অংশ এবং সেখানে থাকা মুগ্ধর নাম কালো কালি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ায় জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধর স্মৃতিস্তম্ভে আবারও কালি লেপে দেওয়ার ঘটনা ঘটেছে। সদর উপজেলার চিনাইর গ্রামে অবস্থিত স্মৃতিস্তম্ভটির অধিকাংশ অংশ এবং সেখানে থাকা মুগ্ধর নাম কালো কালি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে।
বুধবার বিকালে স্থানীয়দের নজরে আসে বিষয়টি। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। তবে কারা এবং কী উদ্দেশ্যে স্মৃতিস্তম্ভটি বিকৃত করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পরিদর্শক (তদন্ত) রিপন দাস জানান, স্মৃতিস্তম্ভে কালি লাগানোর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে।
এর আগেও গত বছরের ২৫ নভেম্বর একই স্মৃতিস্তম্ভটি বিকৃত করা হয়েছিল। একই স্থানে আবারও এমন ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে ১৮ জুলাই রাজধানীর উত্তরার আজমপুর এলাকায় আন্দোলনকারীদের মধ্যে খাবার পানি ও বিস্কুট বিতরণ করছিলেন মীর মুগ্ধ।
সেদিন বিকালে পানি বিতরণের একপর্যায়ে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান মুগ্ধ।
ব্রাহ্মণবাড়িয়ায় জন্ম হলেও মীর মুগ্ধ বেড়ে ওঠেন ঢাকার উত্তরায়। উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শেষ করে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি। মৃত্যুর আগে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) প্রফেশনাল এমবিএ প্রোগ্রামে অধ্যয়নরত ছিলেন এই তরুণ।