কয়রা (খুলনা) প্রতিবেদক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬ ১২:৪৪ পিএম
বিস্কুটের বাইরের কার্টুনে মেয়াদ ২০২৭ সালের এপ্রিল পর্যন্ত উল্লেখ থাকলেও ভেতরের মূল প্যাকেটে মেয়াদোত্তীর্ণের তারিখ ২৫ এপ্রিল ২০২৬। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
খুলনার কয়রায় প্রায় ৩২ হাজার শিক্ষার্থীর মধ্যে বিতরণ করা হয়েছে মেয়াদোত্তীর্ণ সয়া প্রোটিন বিস্কুট। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ত্রাণ সহায়তা কর্মসূচির আওতায় উপজেলার ১৪২টি সরকারি নিবন্ধিত প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন ও হেফজ মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য বরাদ্দ করা ৭ লাখ ৬৫ হাজার প্যাকেট বিস্কুট নিয়ে এমন অভিযোগ উঠেছে।
অনুসন্ধানে জানা গেছে, বিস্কুটের বাইরের কার্টুনে মেয়াদ ২০২৭ সালের এপ্রিল পর্যন্ত উল্লেখ থাকলেও ভেতরের মূল প্যাকেটে মেয়াদোত্তীর্ণের তারিখ দেওয়া রয়েছে ২৫ এপ্রিল ২০২৬। ফলে বাইরের কার্টুনের মেয়াদ দেখে বিস্কুট বিতরণ করলেও ভেতরের প্যাকেটের তথ্য অনুযায়ী সেগুলো মেয়াদোত্তীর্ণ ছিল।
দেয়াড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনজিরা খাতুন বলেন, “কার্টুনের গায়ে মেয়াদ দেখে আমরা শিশুদের মধ্যে বিস্কুট বিতরণ করেছি। পরে জানতে পারি, ভেতরের প্যাকেটের মেয়াদ শেষ হয়ে গেছে। শিক্ষা অফিস থেকেও আগে আমাদের কিছু জানানো হয়নি”।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষিকা জানান, সন্দেহ হওয়ায় প্যাকেট খুলে বিস্কুটের রং পরিবর্তিত দেখতে পান। বিস্কুট খাওয়ার পর থেকে তিনি ডায়রিয়া ও পেটের সমস্যায় ভুগছেন বলে দাবি করেন। খেজুরডাঙ্গা ও শিমলার আইট আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়েও একই ধরনের বিস্কুট বিতরণের তথ্য পাওয়া গেছে।
অভিযোগের বিষয়ে বাংলাদেশ সয়া প্রোটিন প্রজেক্ট লিমিটেডের কয়রা উপজেলা অপারেশন কর্মকর্তা দিপু সিল ও মেয়াদের তারিখে ভুল থাকার বিষয়টি স্বীকার করেন।
তিনি দাবি করেন, বিষয়টি জানার পর দুই হাজারের বেশি কার্টুন বিস্কুট তুলে নেওয়া হয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ মানবাধিকার ব্যুরো কয়রা উপজেলা শাখার সভাপতি তরিকুল ইসলাম বলেন, “দায়িত্বে অবহেলা ও অনিয়মের কারণে কোমলমতি শিশুদের জীবন মারাত্মক স্বাস্থ্যঝুঁকির মুখে পড়েছে”।
বিষয়টি যথাযথভাবে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
কয়রা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তপন কুমার কর্মকার জানান, বিষয়টি নজরে আসার পর বিস্কুট বিতরণ কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে দায় নিতে হবে বলেও জানান তিনি।
কয়রা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল করিম বলেন, “মেয়াদোত্তীর্ণ খাবার শিশুদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ ধরনের খাবার গ্রহণের ফলে গুরুতর স্বাস্থ্যসমস্যা দেখা দিতে পারে”।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকী জানান, বিষয়টি জানার পর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের মাধ্যমে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।