প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬ ২২:৫১ পিএম
আপডেট : ১১ নভেম্বর ২০২৬ ২২:৫১ পিএম
চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের পুলিশ সুপারমোহাম্মদ জাহাঙ্গীর আলম।
পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কাছে পাচারের অভিযোগ উঠেছে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে।
এ অভিযোগের পরিপ্রেক্ষিতে তার ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ।
ফোন দুটি ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকার স্পেশাল ব্রাঞ্চে পাঠানো হয়েছে। পাশাপাশি তাকে নজরদারিতে রাখা হয়েছে। অভিযোগের সত্যতা যাচাইয়ে গঠন করা হয়েছে তদন্ত কমিটি।
চট্টগ্রাম রেঞ্জ কার্যালয় সূত্রে জানা গেছে, ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগ ওঠে।
এ অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে ডেকে পাঠান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে তার ব্যক্তিগত ও দাপ্তরিক মোবাইল ফোন পরীক্ষা করা হয়। প্রাথমিকভাবে তথ্য পাচারের প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে সূত্রটি।
এ বিষয়ে চট্টগ্রামের উপমহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল কুদ্দুস চৌধুরী একটি জাতীয় গণমাধ্যমকে বলেন, “প্রশাসনিক কিছু বিষয়ে এসপি জাহাংগীর আলমকে ডাকা হয়েছিল। এ ঘটনায় অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলামকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।”
তিনি বলেন, “গতকাল জাহাংগীর আলমের দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। বিষয়টি তদন্তাধীন থাকায় এ বিষয়ে আর কিছু বলা সমীচীন হবে না।”
অতিরিক্ত ডিআইজি সফিজুল ইসলামও গণমাধ্যমটিকে জানান, গতকাল জাহাঙ্গীর আলমকে ডাকা হয়েছিল। তবে বিষয়টিকে জিজ্ঞাসাবাদ বলা যাবে না। জব্দ করা দুটি মোবাইল ফোন ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকার স্পেশাল ব্রাঞ্চে পাঠানো হয়েছে। অভিযোগের প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে প্রতিবেদন দেওয়া হবে।
নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমটিকে বলেন, “জাহাংগীর আলমের ফোনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে তার যোগাযোগের তথ্য পাওয়া গেছে। এ-সংক্রান্ত একটি সূত্র পাওয়ার পর তাকে ডাকা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। বর্তমানে তিনি অফিস করছেন। তবে তাকে পুলিশের নজরদারিতে রাখা হয়েছে।”
এদিকে, এসপি জাহাঙ্গীর আলমের দুটি মোবাইল ফোন জব্দ থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
জাহাঙ্গীর আলম ২০১০ সালের ১ ডিসেম্বর পুলিশ বাহিনীতে যোগ দেন।