কক্সবাজার প্রতিবেদক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬ ২১:২১ পিএম
রামু সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মোর্শেদুল হককে আজীবনের জন্য বহিষ্কার করেছে জেলা ছাত্রদল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কক্সবাজারে অনলাইন সংবাদমাধ্যম ‘টেলিগ্রাম নিউজ’-এর কার্যালয় পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগে রামু সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মোর্শেদুল হককে আজীবনের জন্য বহিষ্কার করেছে জেলা ছাত্রদল।
বুধবার জেলা ছাত্রদলের সভাপতি ফাহিমুর রহমান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সাঈদ আনোয়ার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মোর্শেদুল হককে প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সব পর্যায়ের পদ থেকে আজীবনের জন্য স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃত এই নেতার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ‘টেলিগ্রাম নিউজ’ নামের একটি সংবাদমাধ্যমের কার্যালয় প্রথম আলোর মতো পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে একটি পোস্ট করেন মোর্শেদুল হক। ওই পোস্টে তিনি কক্সবাজার ছাত্রদলের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এবং সংবাদমাধ্যমটির বিরুদ্ধে ‘জোরালো পদক্ষেপ’ নেওয়ার আহ্বান জানান।
ফেসবুকে ছড়িয়ে পড়া ওই পোস্টে তিনি লেখেন, ‘টেলিগ্রাম নিউজ অফিসটা কোথায়? প্রথম আলোর মতো জ্বালিয়ে দিতে হবে। কক্সবাজার ছাত্রদল কি জীবিত আছে? থাকলে টেলিগ্রাম নিউজের বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নিতে হবে। একই পোস্টে সাংবাদিকদের উদ্দেশে ‘কানের নিচে থাপ্পড় দিয়ে ক্যাপশন লেখা শেখানোর’ কথাও উল্লেখ করেন তিনি।
মোর্শেদুল হকের এমন বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত নেয় জেলা ছাত্রদল।