তানভীর আহমেদ, গাজীপুর সিটি
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬ ২০:৫২ পিএম
প্রতিকী ছবি
গাজীপুর শিল্পাঞ্চলে চলমান শ্রমিক আন্দোলন ও অসন্তোষজনক পরিস্থিতির প্রেক্ষাপটে তৈরি পোশাক (গার্মেন্টস) খাতের শ্রমিকদের জন্য বিশেষ ‘খোলা বাজারে পণ্য বিক্রি (ওএমএস)’ প্রকল্প শুরুর উদ্যোগ নিয়েছে সরকার।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে বেতন বাড়ানো, বকেয়া পাওনা পরিষদ এবং বিভিন্ন দাবির মুখে গাজীপুরের টঙ্গী, বোর্ডবাজার, কোনাবাড়ীসহ বিভিন্ন এলাকায় শ্রমিকরা বিক্ষোভে নামেন। শ্রমিকদের এ আন্দোলন ও সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনা করে স্বল্পমূল্যে খাদ্য সহায়তা নিশ্চিত করতে অগ্রাধিকার ভিত্তিতে ওএমএস প্রকল্পটি গ্রহণ করা হয়েছে।
এ প্রকল্পের আওতায় গাজীপুর সিটি করপোরেশনে নির্ধারিত ওএমএস কেন্দ্রগুলোর বাহিরে অতিরিক্ত আরও ২০টি কেন্দ্র বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্রগুলো শিল্প-কারখানাভিত্তিক করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এতে কম মূল্যে ও সহজে শ্রমিকরা নিত্যকার চাল সংগ্রহের সুবিধা পাবেন পোশাক শ্রমিকরা।
জানা গেছে, গাজীপুর সিটি করপোরেশনের জাতীয় বিশ্ববিদ্যালয় এলাকার ইন্টারলপ বিডি লি., মারিয়ালী এলাকার ফ্লেমিংগো ফ্যাক্টরি লি. (ডিবিএল), ভোগড়া এলাকার কলম্বিয়া অ্যাপারেলস (এমঅ্যান্ডজে গ্রুপ), কলের বাজার এলাকার পাখি গার্মেন্টস, কাশিমপুর নয়াপাড়া এলাকার তাসনিয়া ফেব্রিক্স, কোনাবাড়ী যমুনা গার্মেন্টসসহ বিশটি কারখানায় স্থাপিত কেন্দ্র থেকে এই কার্যক্রম পরিচালনা করার পরিকল্পনা গ্রহণ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর মধ্যে টঙ্গীর জাবের অ্যান্ড জুবায়ের ফ্যাক্টরি লি. উদ্বোধনের মধ্য দিয়ে এই কর্মসূচি চালু করার পরিকল্পনা রয়েছে।
শিল্প পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় প্রশাসন জানান, শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ক্ষেত্রে খাদ্য নিরাপত্তা বড় ভূমিকা রাখবে। কারখানা মালিক ও শ্রমিক সংগঠনগুলোর প্রতিনিধিরাও সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
এ বিষয়ে গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ সুপার মো. আমজাদ হোসেন প্রতিদিনের বাংলাদেশকে জানান, সরকার শ্রমিকদের কল্যাণার্থে একটি নতুন উদ্যোগ গ্রহণ করেছেন। আমরা প্রত্যাশা করছি এতে শ্রমিকদের নিত্যদিনের জীবন যাপন সহজ হবে। পাশাপাশি স্বল্প মূল্যে চাল প্রাপ্তির কারণে তারা কাজেও মনোযোগী হতে পারবে।
নতুন ওএমএস কেন্দ্রের বাস্তবায়ন সম্পর্কে গাজীপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. শফি আফজালুল আলম বলেন, আমরা নতুন কিছু পয়েন্ট চালু করতে জরিপের কাজ করছি। ইনশাআল্লাহ সব শেষ আগামী শুক্রবার দিন কেন্দ্রগুলো উদ্বোধনের আশা করছি।