কুষ্টিয়া প্রতিবেদক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬ ২০:২৩ পিএম
মাহফুজুর রহমান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কুষ্টিয়ায় বাবা দীর্ঘদিন ধরেই ছিলেন শয্যাশায়ী। হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। সেই খবরে মৃত্যু হলো ছেলের। আর সেই ছেলের দেহ বাড়িতে আনার কয়েক ঘণ্টা পরই মৃত্যু হয়েছে বাবারও।
গত মঙ্গলবার শহরের চৌড়হাঁস ফুলতলা এলাকায় সন্ধ্যায় ছেলে ও রাত ১১টার দিকে বাবার মৃত্যু হয়।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় গোরস্তানে পাশাপাশি কবরে বাবা-ছেলের দাফন সম্পন্ন হয়েছে। মৃতরা হলেনÑ আবদুল মান্নান (৫৯) ও তার বড় ছেলে মাহফুজুর রহমান (২৭)। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, অসুস্থতার কারণে আবদুল মান্নান কয়েক বছর ধরে শয্যাশায়ী ছিলেন। তার চার ছেলেমেয়ের মধ্যে সবার বড় মাহফুজুর শহরের একটি ছাপাখানায় কাজ করতেন। প্রায় আট মাস আগে তিনি বিয়ে করেন। বাবার সঙ্গে একই বাড়িতে থাকতেন মাহফুজুর।
বাবার অসুস্থতাসহ পারিবারিক নানা বিষয় নিয়ে তিনি দুশ্চিন্তায় ছিলেন। মঙ্গলবার বিকাল ৫টায় বাবা আব্দুল মান্নান আরও অসুস্থ হয়ে পড়েন। ছাপাখানায় কাজ করার সময় বাড়ি থেকে ফোনে বাবার অসুস্থতার খবর পেয়ে মাহফুজুর নিজেই অসুস্থ হয়ে পড়েন। সহকর্মীরা তাকে দ্রুত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রুমন রহমান জানান, মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মাহফুজুরের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শী প্রিন্টিং প্রেসের কর্মী শিপন ইসলাম বলেন, মাহফুজুর চেয়ারে বসে কাজ করছিলেন। এ সময় বাড়ি থেকে ফোন করে তার বাবার শারীরিক অবস্থার অবনতির কথা জানানো হয়। খবরটি শোনার পরপরই তিনি অসুস্থ হয়ে চেয়ার থেকে হেলে পড়েন। পরে আমরা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাহফুজুরের মামাতো ভাই ফিরোজ আহমেদ বলেন, খবর পেয়ে আমরা হাসপাতালে গিয়ে মাহফুজুরের মরদেহ বাড়িতে নিয়ে আসি। পরে তার মৃত্যুর খবর বাবাকে জানানো হলে তিনি আরও অসুস্থ হয়ে পড়েন। মাহফুজুরের গোসল ও কাফনের কাজ সম্পন্ন হওয়ার পর রাত ১১টার দিকে তিনিও মারা যান।
কুষ্টিয়া পৌরসভার ৫ নম্বর চৌড়হাঁস ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাইফুল হক বলেন, ঘটনাটি খুবই হৃদয়বিদারক। ছেলেটি ওই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। সকালে বাবা ও ছেলেকে পাশাপাশি কবরে দাফন করা হয়েছে।