চুয়াডাঙ্গা প্রতিবেদক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬ ২০:২০ পিএম
বিএনপি নেতাদের নামে দেওয়া হয়েছে চুয়াডাঙ্গায় নতুন ৪৫ সার ডিলারশিপ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
চুয়াডাঙ্গা জেলায় সার ডিলার নিয়োগে অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও দলীয়করণের অভিযোগ উঠেছে। বিএনপি নেতাদের নামে দেওয়া হয়েছে চুয়াডাঙ্গায় নতুন ৪৫ সার ডিলারশিপ।
এদিকে বুধবারের মধ্যে এসব সার ডিলারশিপের বিপরীতে জামানত হিসেবে প্রত্যেককে ৩ লাখ টাকা জেলা সার বীজ মনিটরিং কমিটির জামানত তহবিলে জমা করতে বলা হয়েছে।
এ বছরে চুয়াডাঙ্গা জেলার চার উপজেলায় ৪৫টি সার ডিলারশিপের বিপরীতে ৬৪২টি আবেদন জমা পড়ে। এই নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক প্রভাব, দলীয়করণ ও যোগ্য আবেদনকারীদের বঞ্চিত করার অভিযোগ উঠেছে। আবেদনকারীদের যোগ্যতা, ব্যবসা প্রতিষ্ঠান, গুদাম ও আর্থিক সক্ষমতা যথাযথভাবে যাচাই করা হয়নি। নির্ধারিত নীতিমালা অনুসরণ করে প্রার্থী নির্বাচন করা হয়েছে কি না তা খতিয়ে দেখার দাবি উঠেছে।
ডিলারশিপ পাইয়ে দেওয়ার নামে অর্থ লেনদেন বা ব্যক্তিগত প্রভাব বিস্তারের অভিযোগও উঠেছে। তা তদন্ত করে প্রমাণসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সচেতন মহল। সার ডিলারদের নিয়োগ প্রক্রিয়া তদন্তে নিরপেক্ষ কমিটি গঠন, নির্বাচিত প্রার্থীদের যোগ্যতা যাচাই, নিয়োগের মানদণ্ড ও ফলাফল প্রকাশ, আবেদনকারীদের অভিযোগ জানানোর সুযোগ এবং অনিয়মের প্রমাণ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে চুয়াডাঙ্গার কৃষক সমাজ। পাশাপাশি তদন্ত চলাকালে প্রয়োজন হলে আইনগত ক্ষমতার আওতায় অন্তর্বর্তী ব্যবস্থা গ্রহণের দাবিও জানানো হয়। চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবীদ নুরুল ইসলাম বলেন, আবেদনকারীদের আবেদন সঠিকভাবে যাচাই-বাছাই করে পাঠানো হয়েছে।
চুয়াডাঙ্গা জেলা সার-বীজ মনিটরিং কমিটির সভাপতি জেলা প্রশাসক নুৎফুন নাহার বলেন, সকল নিয়ম-নীতি মেনে সারের ডিলার নিয়োগ দেওয়া হয়েছে।