রাজবাড়ী প্রতিবেদক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬ ১৯:১৮ পিএম
পাংশা উপজেলায় যুগান্তর মাল্টিমিডিয়ার ইনচার্জ অমিত হাসান রবিনের গ্রামের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
রাজবাড়ীর পাংশা উপজেলায় যুগান্তর মাল্টিমিডিয়ার ইনচার্জ অমিত হাসান রবিনের গ্রামের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ সময় তার বাবা, মা, বোন ও ভাবিকে মারধর করা হয়। গত মঙ্গলবার রাত ৯টার দিকে পাট্টা ইউনিয়নের গোলাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
মারধরের শিকার ব্যক্তিরা হলেনÑ সাংবাদিক রবিনের বাবা গোলাম মোস্তফা লুলু বিশ্বাস, মা ডলি আক্তার, বোন ঐশি আক্তার ও ভাবি শাহানা খাতুন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় পুঁইজোর বাজারে কৃষক লীগের এক নেতার ছেলে ও উপজেলা যুবলীগের সদস্য রনির নেতৃত্বে কয়েকজন যুবক মিছিল বের করেন। এ সময় স্থানীয় বিএনপির কয়েকজন সমর্থক তাদের ধাওয়া করেন। পরে রনিকে না পেয়ে তার বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে ভুক্তভোগী গোলাম মোস্তফা লুলু বলেন, স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে চলাফেরা করা আবদার জেলে, তার ছেলে তুর্কি, হৃদয়সহ আরও কয়েকজন মিলে হামলা চালায়। এ সময় তাদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল।
রবিনের পরিবারের বরাতে পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম বলেন, রাত ৯টার দিকে ২০-৩০ জনের একটি দল তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা পরিবারের সদস্যদের মারধর এবং আসবাবপত্র ভাঙচুর করে চলে যায়।
ওসি আরও বলেন, সাংবাদিকের বাবা গোলাম মোস্তফা লুলু ইউনিয়ন কৃষক লীগের সভাপতি। তার ছেলে রনি পুঁইজোর বাজারে আওয়ামী লীগের মিছিল করার পর বাড়িতে হামলার ঘটনা ঘটে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।