খুলনা অফিস
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬ ১৯:০৬ পিএম
খুলনার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
খুলনায় ছাত্রদলের দুই নেতাকে হত্যাচেষ্টার মামলায় তদন্ত কর্মকর্তার দেওয়া চূড়ান্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন বাদী রায়হান বিন কামাল। আসামিদের অব্যাহতির সুপারিশ করে দেওয়া ফাইনাল রিপোর্টের বিরুদ্ধে আদালতে নারাজি আবেদন করেছেন তিনি।
তদন্তে বাদী, সাক্ষী ও চিকিৎসা সংক্রান্ত নথি সংগ্রহ না করার অভিযোগ তুলে এ আবেদন করা হয়েছে।
বুধবার সকালে খুলনার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক ফারুক ইকবালের কাছে এ আবেদন জমা দেওয়া হয়। এর আগে গত ৩০ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা ইমরান হোসাইন আদালতে ফাইনাল রিপোর্ট জমা দেন। ওই প্রতিবেদনে আসামিদের অব্যাহতির সুপারিশ করা হয়।
বাদীর আইনজীবী অ্যাডভোকেট স্বপন দাস বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত কর্মকর্তা মামলার বাদীকে জিজ্ঞাসাবাদ করেননি, কোনো সাক্ষীর বক্তব্যও নেননি। এমনকি চিকিৎসা নেওয়া হাসপাতালের কাগজপত্রও সংগ্রহ করেননি। প্রাণভয়ে পালিয়ে চিকিৎসা নিতে বাধ্য হয়েছিলেন বাদী। অথচ তদন্ত কর্মকর্তা আসামিদের অব্যাহতির সুপারিশ করে আদালতে ফাইনাল রিপোর্ট জমা দিয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ৮ মার্চ অসুস্থ বাবার চিকিৎসার জন্য খুলনার পিটিআই মোড়ের অগ্রণী ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফিরছিলেন রায়হান বিন কামাল। সোনাডাঙ্গা সঙ্গীতা সিনেমা হলের মোড়ে পৌঁছালে সিটি কলেজ ছাত্রলীগের তৎকালীন ভিপি প্রার্থী বিএম মহিমের নেতৃত্বে ১৪-১৫টি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে ঘিরে ফেলে। অস্ত্রের মুখে জিম্মি করে ফারাজীপাড়ায় সাবেক স্পিকারের বাড়ির গলিতে নিয়ে যায়।
সেখানে আগে থেকে অবস্থান করা সাদী নামের এক ব্যক্তি তার মোবাইল ফোন ও সঙ্গে থাকা ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এতে বাধা দিলে তাকে ছুরিকাঘাত করে তার হাতের রগ কেটে দেয়। পরে দুর্বৃত্তরা তাকে অটোরিকশায় করে শান্তিধাম ফুল মার্কেটে নিয়ে যায়।
অভিযোগ রয়েছে, ছাত্রসংসদ নির্বাচন থেকে বিরত রাখতেই তৎকালীন সিটি কলেজ ছাত্রদলের দুই নেতা ভিপি প্রার্থী রায়হান বিন কামাল ও এজিএস প্রার্থী ইশতিয়াক আহমেদ ইস্তির ওপর পরিকল্পিত হামলা চালিয়েছিল।
বাদীর অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে এ ঘটনায় মামলা নেওয়া হয়নি। পরে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর প্রায় ১৪ বছর আগের এ ঘটনায় মামলা করেন তিনি। বর্তমানে রায়হান বিন কামাল জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল খুলনা সদর থানার সদস্য সচিব।