খুলনা অফিস
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬ ১৭:২৬ পিএম
খুলনার শিববাড়িতে পুলিশের ক্যাম্পের সামনেই জুলাই স্তম্ভে পেট্রোল ছিটিয়ে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
খুলনার শিববাড়িতে পুলিশের ক্যাম্পের সামনেই জুলাই স্তম্ভে পেট্রোল ছিটিয়ে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। বুধবার ভোরে এ ঘটনায় ফাহাদ হোসেন নামে একজনকে আটক করেছে পুলিশ। স্থানীয়দের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
আটক ফাহাদ হোসেন নগরীর শেখপাড়া এলাকার ২০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোররাত সাড়ে ৩টা থেকে সোয়া ৪টার মধ্যে মোটরসাইকেলে করে দুই যুবক শিববাড়ির জুলাই স্তম্ভের সামনে আসে। এ সময় তাদের একজন বোতলে থাকা পেট্রোল স্তম্ভে ছিটিয়ে আগুন ধরানোর চেষ্টা করে। বিষয়টি আশপাশের লোকজনের নজরে এলে তাঁরা দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। ফলে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
ঘটনাস্থলে গিয়ে স্তম্ভের গায়ে আগুনের চিহ্ন দেখা গেছে। আগুন দেওয়ার চেষ্টা করা স্থানেও পোড়া দাগ রয়েছে।
উল্লেখ্য, জুলাই স্তম্ভের ঠিক সামনেই পুলিশের একটি ছোট ক্যাম্প রয়েছে। সেখানে পুলিশ সদস্যরা নিয়মিত দায়িত্ব পালন করেন। এমন নিরাপত্তায় স্তম্ভে আগুন দেওয়ার চেষ্টা ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোরে দুই থেকে তিনজন যুবক এসে জুলাই স্তম্ভে আগুন দেওয়ার চেষ্টা করে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।