× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইয়াসিনের দলিলকাণ্ডে সাব-রেজিস্ট্রার বরখাস্ত

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬ ১৫:৫৩ পিএম

সাব-রেজিস্ট্রার মো. রায়হান হাবীব। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সাব-রেজিস্ট্রার মো. রায়হান হাবীব। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বদলির আগে হত্যা মামলার আসামি ও আলীনগরে ‘ইয়াসিন বাহিনীর’ প্রধান মো. ইয়াসিনের বিপুল পরিমাণ জমির দলিল রেজিস্ট্রি করে দেওয়ার ঘটনায় চট্টগ্রামের সীতাকুণ্ডের সাবেক সাব-রেজিস্ট্রার মো. রায়হান হাবীবকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। তিনি বর্তমানে টাঙ্গাইলের ভূঞাপুরে সাব-রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

মঙ্গলবার আইন ও বিচার বিভাগ তাকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করে।

বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লার সই করা আদেশে বলা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী রায়হান হাবীবের বিরুদ্ধে অসদাচরণ ও দুর্নীতিপরায়ণতার অভিযোগ রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও নিষ্পত্তির স্বার্থে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, বরখাস্তকালে তাকে আইন মন্ত্রণালয়ের নিবন্ধন অধিদপ্তরে সংযুক্ত রাখা হবে। এ সময় বিধি অনুযায়ী তিনি খোরাকি ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

নথিপত্র অনুযায়ী, চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র‍্যাবের (বর্তমানে এসআরবি) এক কর্মকর্তা হত্যা মামলার আসামি মো. ইয়াসিন সলিমপুর মৌজার বিভিন্ন দাগের মোট ২৭৮ দশমিক ৭৫ শতাংশ জমি আলীনগরের বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করেন। ১৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত মোট ৭৪টি দলিলের মাধ্যমে এসব জমি বিক্রি ও রেজিস্ট্রি করা হয়। এর মধ্যে শুধু ১৭ সেপ্টেম্বরই একদিনে ইয়াসিনের ৬৫টি জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করে দেন তৎকালীন সীতাকুণ্ডের সাব-রেজিস্ট্রার রায়হান হাবীব। বদলির আগেই এসব দলিল রেজিস্ট্রি করা হয়।

পরে ২৮ অক্টোবর বিষয়টি জানাজানি হলে হাবীবের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ে মৌখিকভাবে অভিযোগ করেন চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে হাবীবের বদলির আদেশ সাত দিনের জন্য স্থগিত করেছিল মন্ত্রণালয়। পরে তাকে সাময়িক বরখাস্ত করা হলো।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা