চসিকের হোল্ডিং ট্যাক্স ‘জালিয়াতি’
চট্টগ্রাম সিটি করপোরেশনের লোগো
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) হোল্ডিং ট্যাক্স নির্ধারণে জালিয়াতির অভিযোগ উঠেছে। সরকারি নথিতে সাদা ফ্লুইড দিয়ে আগের মূল্যায়ন মুছে দুটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের বার্ষিক মূল্যায়ন কমিয়ে দেওয়া হয়েছে। এতে সিটি করপোরেশনের প্রায় ১৬ কোটি ৮০ লাখ টাকার রাজস্ব ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এ ঘটনায় চসিকের ছয় কর্মকর্তা-কর্মচারী এবং সুবিধাভোগী দুই প্রতিষ্ঠানের মালিকসহ আটজনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুদক।
সোমবার দুদক চট্টগ্রাম জেলা কার্যালয়-১-এর সহকারী পরিচালক সৈয়দ আলম বাদী হয়ে মামলা দুটি করেন। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন একই কার্যালয়ের উপপরিচালক মো. আল আমিন।
মামলায় আসামি করা হয়েছে চসিকের রাজস্ব সার্কেল-৮-এর সাবেক কর কর্মকর্তা মোহাম্মদ রুকন আলম, সাবেক উপকর কর্মকর্তা মো. আবদুল কাদের, রাজস্ব সার্কেল-৯-এর সাবেক কর কর্মকর্তা তপন প্রকাশ সেন, সার্কেল-৮-এর সহকারী কর আদায়কারী মো. মনজুর মোর্শেদ এবং সার্কেল-৯-এর হিসাব সহকারী রূপসী রানী দেব ও মোহাম্মদ আহসান উল্লাহকে। এ ছাড়া ইকবাল ট্রেড লিমিটেডের মালিকপক্ষের ইউসুফ আবদুল্লাহ হারুন এবং মেসার্স এহসান ব্রাদার্স লিমিটেডের মালিক হাজী মো. আবুল কালামকে আসামি করা হয়েছে।
দুদকের এজাহার অনুযায়ী, এজাহার অনুযায়ী, প্রথম মামলায় ইকবাল ট্রেড লিমিটেডের ১৫১/এ/৫৪ নম্বর হোল্ডিংয়ের বার্ষিক মূল্যায়ন প্রথমে ২৫ কোটি ৬৭ লাখ ৪ হাজার ৭৫০ টাকা নির্ধারণ করা হয়েছিল। পরে তা কমিয়ে করা হয় ৫ কোটি ৮ লাখ ৪ হাজার ৮০০ টাকা। অর্থাৎ মূল্যায়ন কমেছে ২০ কোটি ৫৯ লাখ টাকার বেশি।
দুদকের অনুসন্ধানে উঠে এসেছে, মূল মূল্যায়ন প্রতিবেদন চসিকের প্রধান কার্যালয় থেকে সংশ্লিষ্ট রাজস্ব সার্কেলে পাঠানোর পর ফাইল ও আপিল ফরমে ঘষামাজা করে অঙ্ক বদলানো হয়। পরিবর্তিত মূল্যায়নের ভিত্তিতেই কর নির্ধারণ হয়। ২০২২-২৩ অর্থবছরের প্রথম কোয়ার্টার থেকে ১৪ শতাংশ হারে বছরে ২ কোটি ৮০ লাখ টাকা করে তিন হাজার মোট ৮ কোটি বলে ৪০ কার্যকর রাজস্ব ক্ষতি হয়েছে।
দ্বিতীয় মামলায়, দক্ষিণ মধ্যম হালিশহরের মেসার্স এহসান ব্রাদার্স লিমিটেডের ১৮১/৩০১ নম্বর হোল্ডিংয়ের বার্ষিক মূল্যায়ন প্রথমে ২৬ কোটি ৩ লাখ ১৯ হাজার ২৫০ টাকা নির্ধারিত ছিল। অভিযোগ, ফিল্ড বুকের ১০ নম্বর পৃষ্ঠায় সাদা ফ্লুইড দিয়ে আগের অঙ্ক মুছে তা ৬ কোটি ৩ লাখ ১৯ হাজার ২৫০ টাকা করা হয়।
এখানেও ২০ কোটি টাকার মূল্যায়ন কমানোর মাধ্যমে বছরে ২ কোটি ৮০ লাখ টাকা করে তিন বছরে ৮ কোটি ৪০ লাখ টাকা রাজস্ব ক্ষতিসাধন করা হয়েছে।
দুদক চট্টগ্রাম জেলা কার্যালয়-১-এর উপপরিচালক মো. আল আমিন বলেন, “চট্টগ্রাম সিটি করপোরেশনের হোল্ডিং ট্যাক্স নির্ধারণ প্রক্রিয়ায় জালিয়াতির আশ্রয় নিয়ে সরকারি রাজস্ব আত্মসাতের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। কমিশনের নির্দেশে পৃথক দুটি মামলা করা হয়েছে। তদন্তে আরও সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”