গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিবেদক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬ ২০:২১ পিএম
উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মেহেদী হাসান সাগরের নেতৃত্বে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য, দেশবিরোধী কর্মকাণ্ড এবং বিভিন্ন কর্মসূচির প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। ছবি : প্রতিদিনের বাংলাদেশ
ময়মনসিংহের গৌরীপুরে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য, দেশবিরোধী কর্মকাণ্ড এবং বিভিন্ন কর্মসূচির প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেইনের নির্দেশনায় উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মেহেদী হাসান সাগরের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেওয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান সাগর বলেন, ছাত্রলীগের অতীত কর্মকাণ্ড ও আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে ছাত্রদল সবসময় সোচ্চার রয়েছে। নিষিদ্ধ সংগঠনের নামে কোনো কর্মসূচি দিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি কিংবা দেশের শান্তিশৃঙ্খলা বিনষ্টের চেষ্টা করা হলে তা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে। গৌরীপুরের মাটিতে কোনো ধরনের সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্যের স্থান হবে না। আমরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে এসব অপতৎপরতার প্রতিবাদ জানিয়ে যাব।
কর্মসূচির প্রতিবাদে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক তাজিজুল ইসলাম রাঙ্গা, গৌরীপুর পৌর জিয়া মঞ্চের আহ্বায়ক মো. সেলিম জাহাঙ্গীর উজ্জ্বল, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম, উপজেলা তাঁতিদলের আহ্বায়ক মুস্তাকিম আহম্মদ, যুগ্ম আহ্বায়ক রহমতউল্লাহ, উপজেলা যুবদল নেতা আজিজুল ইসলাম সাগর, উপজেলা ছাত্রদল নেতা কালাম, ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমায়ুন হোসেন, ছাত্রদল নেতা সাজিদ, জিদান, শ্রাবণ, যুবদল নেতা জাহাঙ্গীর ও বাবুল প্রমুখ।