পাবনার চাটমোহরে সার ডিলারের দোকান ভাঙচুর ও ৬১১ বস্তা সার লুটের ঘটনায় দায়ের করা মামলায় জহুরুল ইসলাম (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে উপজেলার লাঙলমোড়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৯ বস্তা সার জব্দ করা হয়েছে। এ নিয়ে লুট হওয়া সার থেকে মোট ১০৭ বস্তা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার জহুরুল ইসলাম লাঙলমোড়া গ্রামের আলিফ উদ্দিনের ছেলে। চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) অলিউর রহমান দুপুর একটার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, সার গোডাউন ভাঙচুর ও লুটের ঘটনায় ডিলার প্রদীপ কুমার পালের ম্যানেজার নিরঞ্জন কুমার ঘোষ বাদী হয়ে সোমবার রাতে থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে। গ্রেপ্তার জহুরুলকে মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার ছাইকোলা ইউনিয়ন পরিষদের সামনে একটি টিনশেড ঘরে সার বিতরণ করছিলেন ডিলার প্রদীপ কুমার পাল। এ সময় লাইনে দাঁড়ানো ও সার বিতরণে দেরি হওয়া নিয়ে কৃষকদের মধ্যে হট্টগোল শুরু হয়। ছাইকোলা বাজারের অন্য দুই ডিলার সার বিতরণ বন্ধ করে দিলে কৃষকদের ভিড় বাড়ে প্রদীপ কুমারের দোকানে। সার না পেয়ে উত্তেজিত লোকজন দোকান ভাঙচুর করে এবং সার লুট করে। বাধা দিতে গেলে পুলিশ ও ডিলারের লোকজনের ওপর ইটপাটকেল নিক্ষেপ করা হয়।
খবর পেয়ে জেলা প্রশাসক আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা খালিদ হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মাইকিং করে লুট হওয়া সার ফেরত দেওয়ার আহ্বান জানানো হয়।
এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালীকে আহ্বায়ক করে গঠিত কমিটিকে সরেজমিন তদন্ত করে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সাখাওয়াত হোসেন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক লুৎফর রহমান।