বগুড়া অফিস
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬ ১৬:৪৯ পিএম
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
প্রধানমন্ত্রী তারেক রহমানের অধীনে মন্ত্রিত্ব করা বেশ কঠিন বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
তিনি বলেছেন, প্রধানমন্ত্রী প্রতিটি মন্ত্রণালয়ের কাজ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এমনকি রাত ২টার সময়ও মন্ত্রীদের ফোন করে কাজের অগ্রগতি ও বিভিন্ন বিষয়ে খোঁজ নেন।
মঙ্গলবার বিকেলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ মাঠে বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক জাতীয় প্রতিযোগিতা ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’র রাজশাহী বিভাগীয় পর্বের প্রদর্শনী ও মূল্যায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, “অনেকে মনে করতে পারেন, মন্ত্রিত্ব অনেক আরামের। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের অধীনে মন্ত্রিত্ব করা বড় কঠিন। রাত ২টার সময়ও আমাদের কাছে খবর আসে, অমুক কাজটি হয়েছে কি না। তিনি খোঁজ নেন। তখন আমাদেরও কাজের খবর নিতে হয়। আমরা যারা মন্ত্রী আছি, সব সময় সতর্ক থাকি। কারণ, তিনি আমাদের প্রত্যেকের কাজ এত নিবিড়ভাবে দেখেন যে প্রতিনিয়ত কোনো না কোনো বিষয়ে নির্দেশনা পাঠান”।
প্রধানমন্ত্রীর কাজের উদ্যমের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, “তারেক রহমান ২৪ ঘণ্টার মধ্যে ১৮ ঘণ্টা কাজ করেন। তিনি বিশ্বাস করেন, সঠিক ব্যবস্থাপনা ছাড়া দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। গত ১৭ বছরের দুঃশাসন ও অর্থনৈতিক অনিয়ম থেকে দেশকে বের করে আনতে হলে সবাইকে একইভাবে দায়িত্বশীল হতে হবে। সমন্বিতভাবে কাজ করতে পারলে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব”।