প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬ ১৬:৩৩ পিএম
আপডেট : ১০ নভেম্বর ২০২৬ ১৬:৩৪ পিএম
রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরে গ্রেনেডসদৃশ দুটি বস্তু উদ্ধারের ঘটনায় নিরাপত্তা নিয়ে সতর্কতা জোরদার করা হয়েছে। এ সময় বিমানবন্দরে অবস্থান করা জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিরাপত্তার স্বার্থে মূল ফটকের পরিবর্তে পেছনের গেট দিয়ে বের করে নেওয়া হয়।
মন্ত্রী মঙ্গলবার সকাল ১০টা ৫০ মিনিটের দিকে একটি ফ্লাইটে রাজশাহীতে পৌঁছান । এর পাঁচ মিনিট পর বিমানবন্দরের সামনের অংশে পড়ে থাকা গ্রেনেডসদৃশ দুটি বস্তুর বিষয়ে দায়িত্বরত পুলিশকে জানান স্থানীয় এক ব্যক্তি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জায়গাটি ঘিরে ফেলে পুলিশ।
জানা গেছে, ঢাকা থেকে বগুড়ায় যাওয়ার উদ্দেশ্যে রাজশাহীতে পৌঁছেছিলেন জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী। এ সময় তিনি বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অবস্থান করছিলেন। পরে গ্রেনেডসদৃশ বস্তু উদ্ধারের বিষয়টি তাকে জানানো হলে নিরাপত্তার স্বার্থে বিমানবন্দরের পেছনের গেট দিয়ে বের করে নেওয়া হয়। এরপর সড়কপথে বগুড়ার উদ্দেশে রওনা হন তিনি।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, বিমানবন্দর থেকে গ্রেনেডসদৃশ দুটি বস্তু উদ্ধার করা হয়েছে। সেগুলো নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উদ্ধার করা বস্তু দুটি প্রকৃতপক্ষে গ্রেনেড কি না, তা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় বিমানবন্দর এলাকায় নিরাপত্তা সতর্কতা জোরদার করা হয়েছে।