প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬ ১৪:৫৪ পিএম
আশুলিয়ার বেশ কিছু কারখানায় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। ছবি: ভিডিও থেকে
ঢাকার সাভারের আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ৪১টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
যেসব পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে তাদের মধ্যে রয়েছে, এনভয় গ্রুপ, স্টারলিং ক্রিয়েশন, হলিউড গার্মেন্টস লিমিটেড, সি.এস.এল. নিট কম্পোজিট, স্টারলিং অ্যাপারেলস, এএম ডিজাইন লিমিটেড, মুন রেডিওয়্যারস লিমিটেড, টেক ম্যাক্স লিমিটেড, নেক্সট কালেকশন, ভার্চুয়াল বটমস লিমিটেড, ইয়াগী বাংলাদেশ লিমিটেড, স্টারলিং স্টাইলস লিমিটেড, বানদো ডিজাইন লিমিটেড, সিনসিন অ্যাপারেলস লিমিটেড, সাদ ফ্যাশন লিমিটেড ও রেজা ফ্যাশন লিমিটেড। দুপুর ১টার পর হা-মীম গ্রুপের কারখানাগুলোতেও ছুটি ঘোষণা করা হয়।
এর আগে মঙ্গলবার সকালে আশুলিয়ার বেশ কিছু কারখানায় শ্রমিকরা হাজিরা দিয়ে বের হয়ে যান। ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে তারা বিক্ষোভ শুরু করেন। চার থেকে পাঁচটি জায়গায় তারা বিক্ষোভ করেন। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বাঁধে।
আশুলিয়া শিল্প পুলিশের এসপি মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি স্বাভাবিক করে। শিল্প পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে মোতায়েন রয়েছে।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গ্রুপ থেকে পুলিশের গুলিতে হতাহতের ঘটনার যে দাবি করা হচ্ছে তা অস্বীকার করে তিনি বলেন, “এ রকম কোনো ঘটনা ঘটেনি। পুলিশ রাবার বুলেট কিংবা শর্টগান ব্যবহার করেনি”।
অপরদিকে গাজীপুর মহানগরের কাশিমপুর, জরুন ও নাওজোর এলাকায় বেতন বাড়ানোর দাবিতে শ্রমিকদের বিক্ষোভের পর ছয়টি কারখানায় এক দিনের ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, “কাশিমপুর ও জরুন এলাকায় দুটি কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেন। পরে তারা আশপাশের কারখানার শ্রমিকদের বের করে আনার চেষ্টা করেন। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে কয়েকটি এলাকার ছয়টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। পরে শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে বাসায় ফিরে যান। অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন শিল্পাঞ্চলে পুলিশ মোতায়েন রয়েছে”।