× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রকৃতি ঘেরা বাহুবল পর্যটনে পিছিয়ে

আশরাফুল ইসলাম কহিনুর, হবিগঞ্জ

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬ ১৪:৫২ পিএম

আপডেট : ১০ নভেম্বর ২০২৬ ১৪:৫৪ পিএম

বাহুবলে আমতলী চা বাগান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাহুবলে আমতলী চা বাগান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি হবিগঞ্জের বাহুবল উপজেলা। পাহাড়-টিলা, চা-বাগান, রাবার বাগান, হাওর, পাহাড়ি ছড়া আর মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক স্থাপনাÑ সব মিলিয়ে পর্যটনের এক অপার সম্ভাবনাময় জনপদ এটি। অথচ যথাযথ পরিকল্পনা, পর্যটনবান্ধব অবকাঠামো, নিরাপত্তা ও প্রচারের অভাবে সেই সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না। 

প্রকৃতি তার সৌন্দর্য উজাড় করে দিলেও পর্যটনশিল্পের বিকাশে এখনো পিছিয়ে রয়েছে বাহুবল।

উপজেলার বিভিন্ন ইউনিয়নে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান। বিশেষ করে ভাদেশ্বর ইউনিয়নের কামাইছড়া থেকে মুছাই এলাকা পর্যন্ত বিস্তৃত পাহাড়ি টিলা, বনভূমি, চা-বাগান ও রাবার বাগানের মনোরম পরিবেশ সহজেই প্রকৃতিপ্রেমীদের আকৃষ্ট করতে পারে। বর্ষায় পাহাড়ি ছড়া ও ঘুঙ্গিয়াজুরি হাওরের জলরাশি প্রকৃতিতে যোগ করে ভিন্ন মাত্রা। অন্যদিকে শীতকালে সবুজ পাহাড়, চা-বাগান ও নির্মল পরিবেশ ভ্রমণপিপাসুদের জন্য হতে পারে আকর্ষণীয় গন্তব্য।

এতসব সম্ভাবনা থাকার পরও পর্যটকদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধার যথেষ্ট অভাব রয়েছে। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নেই পর্যাপ্ত দিকনির্দেশনামূলক সাইনবোর্ড, তথ্যকেন্দ্র, বিশ্রামাগার, স্বাস্থ্যসম্মত শৌচাগার ও বর্জ্য ব্যবস্থাপনা। পর্যাপ্ত নিরাপত্তা এবং জরুরি চিকিৎসাসেবার ব্যবস্থাও অপ্রতুল। অনেক দর্শনীয় স্থানে যাতায়াতের পথ পর্যটকদের উপযোগী নয়। ফলে অপরিচিত দর্শনার্থীদের নিজেদের উদ্যোগেই গন্তব্য খুঁজে নিতে হয়। কোথাও কোথাও ঝুঁকিপূর্ণ পথে চলাচল করতে গিয়ে দুর্ঘটনার আশঙ্কাও থাকে।

বাহুবলের উল্লেখযোগ্য পর্যটন আকর্ষণের মধ্যে রয়েছে পুটিজুরীর দ্য প্যালেস লাক্সারি রিসোর্ট, রুপাইছড়া রাবার বাগান, রশিদপুর গ্যাস ফিল্ডসংলগ্ন প্রাকৃতিক এলাকা, আলিয়া খাসিয়াপুঞ্জি, বিভিন্ন চা-বাগান এবং কামাইছড়া ও মুছাই এলাকার পাহাড়ি জনপদ। এ ছাড়া শ্রী শ্রী হরিবল ঠাকুরের মন্দির, শ্রী শ্রী শচী অঙ্গন মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় ও ঐতিহাসিক স্থাপনাও রয়েছে এ উপজেলায়।

রুপাইছড়া রাবার বাগানের বিস্তীর্ণ সবুজ প্রকৃতি এবং রশিদপুর, বৃন্দাবন, ফয়জাবাদ, কেদারপুর ও আমতলী চা-বাগানের নৈসর্গিক পরিবেশ পর্যটন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মিরপুর-শ্রীমঙ্গল সড়কের মুছাই এলাকা থেকে ভেতরে অবস্থিত আলিয়া খাসিয়াপুঞ্জি পর্যটকদের সামনে তুলে ধরতে পারে পাহাড়ি জনগোষ্ঠীর জীবনযাপন, সংস্কৃতি ও ঐতিহ্য। তবে এসব এলাকায় ভ্রমণের ক্ষেত্রে স্থানীয় জনগোষ্ঠীর সম্মতি, ব্যক্তিগত গোপনীয়তা এবং পরিবেশের সুরক্ষা নিশ্চিত করা জরুরি।

প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি বাহুবলের রয়েছে মহান মুক্তিযুদ্ধের বেদনাবিধুর ইতিহাস। ভাদেশ্বর ইউনিয়নের রশিদপুর চা-বাগান ও গ্যাস ফিল্ডসংলগ্ন ফয়জাবাদ হিল এলাকায় অবস্থিত বধ্যভূমি স্বাধীনতাযুদ্ধের নির্মমতার এক নীরব সাক্ষী। ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের সহযোগীরা বিভিন্ন এলাকা থেকে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষকে ধরে এনে নির্যাতনের পর সেখানে হত্যা করত। স্বাধীনতার পর ওই এলাকায় অসংখ্য মানুষের কঙ্কাল পাওয়ার তথ্যও বিভিন্ন ঐতিহাসিক বিবরণে উল্লেখ রয়েছে। যথাযথ সংরক্ষণ ও স্মৃতিচিহ্ন স্থাপনের মাধ্যমে স্থানটিকে মুক্তিযুদ্ধভিত্তিক ঐতিহাসিক পর্যটনের গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত করা সম্ভব।

বাহুবল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামছুল আলম বলেন, পর্যটন খাতের সম্ভাবনা কাজে লাগাতে হলে উপজেলার দর্শনীয় স্থানগুলোকে বিচ্ছিন্নভাবে না দেখে একটি সমন্বিত পরিকল্পনার আওতায় আনতে হবে। কামাইছড়া-মুছাই পাহাড়ি এলাকা, চা-বাগান, রাবার বাগান, আলিয়া খাসিয়াপুঞ্জি ও ফয়জাবাদ বধ্যভূমিকে যুক্ত করে পৃথক পর্যটন রুট তৈরি করা যেতে পারে। পাশাপাশি পর্যটকদের জন্য তথ্যকেন্দ্র, দিকনির্দেশনামূলক সাইনবোর্ড, নিরাপদ চলাচলের পথ, বিশ্রামাগার, শৌচাগার, বিশুদ্ধ পানি ও জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করা প্রয়োজন।

বাহুবলে ফয়জাবাদ হিল এলাকায় বধ্যভূমি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জের সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল বলেন, বাহুবলের পর্যটন সম্ভাবনা কাজে লাগাতে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে ফয়জাবাদ বধ্যভূমি সংরক্ষণ, পাহাড়ি এলাকায় নিরাপদ পর্যটন পরিবেশ তৈরি এবং যোগাযোগব্যবস্থার উন্নয়নকে অগ্রাধিকার দিতে হবে। পরিকল্পিতভাবে পর্যটনকেন্দ্র গড়ে উঠলে হোটেল-রেস্তোরাঁ, পরিবহন, ক্ষুদ্র ব্যবসা, স্থানীয় খাবার ও হস্তশিল্পের প্রসার ঘটবে। এর মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং স্থানীয় অর্থনীতিও গতিশীল হবে।

বাহুবল উপজেলা ইউএনও উজ্জ্বল রায় বলেন, জেলা পরিষদের উদ্যোগে আমতলী চা-বাগানের উপযুক্ত স্থানে সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নেওয়া হচ্ছে। পর্যটন খাতকে সমৃদ্ধ করতে ব্যাপক উন্নয়ন পরিকল্পনা নেওয়া হচ্ছে।

সংশ্লিষ্টদের মতে, বাহুবলের পর্যটন সম্ভাবনা কাজে লাগাতে হলে প্রথমেই দর্শনীয় স্থানগুলোর সঠিক তালিকা তৈরি, অবকাঠামোগত উন্নয়ন, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমন্বিত প্রচার কার্যক্রম হাতে নিতে হবে। পাশাপাশি প্রাকৃতিক পরিবেশ, পাহাড়ি জীববৈচিত্র্য ও স্থানীয় সংস্কৃতি সংরক্ষণকে গুরুত্ব দিতে হবে।

সব মিলিয়ে পর্যটনের জন্য প্রয়োজনীয় প্রাকৃতিক ও ঐতিহাসিক সম্পদ থাকলেও পরিকল্পিত ব্যবস্থাপনার অভাবে বাহুবল এখনো সম্ভাবনার পর্যায়েই রয়ে গেছে। যথাযথ উদ্যোগ নেওয়া হলে পাহাড়, হাওর, চা-বাগান ও মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থানগুলোকে ঘিরে বাহুবল হয়ে উঠতে পারে সিলেট বিভাগের অন্যতম আকর্ষণীয় পর্যটন গন্তব্য। এজন্য প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা, সরকারি-বেসরকারি বিনিয়োগ এবং স্থানীয় জনগণের অংশগ্রহণ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা