সাইফুল ইসলাম, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬ ১৪:১৭ পিএম
রূপগঞ্জের কাঞ্চন পৌরসভায় বিরাবো এলাকায় আশ্রয়ণ প্রকল্পের ঘর। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ভূমিহীন ও গৃহহীন মানুষের জন্য সরকারের নেওয়া আশ্রয়ণ প্রকল্পের উদ্দেশ্য ছিল যাদের মাথা গোঁজার ঠাঁই নেই, তাদের জন্য নিরাপদ আবাসনের ব্যবস্থা করা।
কিন্তু নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভায় প্রকল্পের আওতায় বিরাবো এলাকায় অবস্থিত নির্মিত ২৭৮টি ঘর নিয়ে উঠেছে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ। যাদের জন্য সরকারি অর্থ ব্যয়ে এসব ঘর নির্মাণ করা হয়েছে, সেই প্রকৃত ভূমিহীন ও অসহায় মানুষের অনেকেই এখনো আবাসন সুবিধা থেকে বঞ্চিত বলে অভিযোগ স্থানীয়দের। অন্যদিকে বরাদ্দ পাওয়া বেশ কিছু ঘর দীর্ঘদিন ধরে খালি পড়ে রয়েছে। কিছু ঘর আবার ভাড়া দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, সরকারি এই আবাসন প্রকল্পে ঘর বরাদ্দের ক্ষেত্রে প্রকৃত ভূমিহীন ও অসহায় মানুষের চেয়ে প্রভাবশালী এবং আর্থিকভাবে সচ্ছল ব্যক্তিরা বেশি সুবিধা পেয়েছেন। কারও কারও নিজস্ব বাড়িঘর ও জমিজমা থাকা সত্ত্বেও তারা সরকারি ঘর বরাদ্দ নিয়েছেন। এমনকি কোনো কোনো ব্যক্তি একাধিক ঘর পেয়েছেন বলেও অভিযোগ রয়েছে। পরে এসব ঘরের কিছু অন্যের কাছে ভাড়া দেওয়া হয়েছে। ফলে সরকারের মহৎ উদ্যোগের সুফল প্রকৃত সুবিধাভোগীদের কাছে পৌঁছাচ্ছে না বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।
আশ্রয়ণ প্রকল্পের সভাপতি রুহুল আমিনের দেওয়া তথ্য অনুযায়ী, গত চার বছর আগে কাঞ্চন পৌরসভার বিরাবো এলাকায় ভূমিহীনদের ২৭৮টি নির্মাণ করে দেওয়া হয়। এ আশ্রয়ণ প্রকল্পের প্রায় ৬১টি ঘর দীর্ঘদিন ধরে খালি পড়ে রয়েছে। এ ছাড়া প্রায় ৪০টি ঘর বরাদ্দপ্রাপ্ত ব্যক্তিরা অন্যের কাছে ভাড়া দিয়েছেন। তারা নিজেরা সেখানে বসবাস না করে অন্যত্র থাকেন এবং প্রতি মাসে ভাড়া আদায়ের জন্য প্রকল্প এলাকায় আসেন। বাকি ঘরগুলো দরিদ্র, অসহায় ও নির্মাণশ্রমিকসহ নিম্নআয়ের মানুষের মধ্যে বরাদ্দ দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। প্রকল্পের এতগুলো ঘর খালি পড়ে থাকা এবং বরাদ্দপ্রাপ্ত ব্যক্তিদের একটি অংশের ঘর ভাড়া দেওয়ার বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। তাদের প্রশ্ন, যাদের থাকার জায়গা নেই, এমন অসংখ্য পরিবার যখন একটি ছোট ঘরের জন্য কষ্ট করছেন, তখন সরকারি অর্থে নির্মিত ঘর কেন খালি পড়ে থাকবে? যারা সরকারি ঘর পেয়েছেন, তাদের অনেকেই যদি সেখানে বসবাস না করেন, তাহলে বরাদ্দের উদ্দেশ্য কতটা বাস্তবায়িত হচ্ছে, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
স্থানীয় বাসিন্দা গিয়াস উদ্দিন বলেন, আশ্রয়ণ প্রকল্পের ঘর বরাদ্দের ক্ষেত্রে প্রকৃত ভূমিহীন ও অসহায় মানুষকে যথাযথ অগ্রাধিকার দেওয়া হয়নি বলে তাদের অভিযোগ। এলাকায় অনেক দরিদ্র পরিবার রয়েছে, যাদের নিজস্ব জমি বা বাড়ি নেই। অন্যের বাড়িতে কিংবা ভাড়া বাসায় কষ্ট করে বসবাস করতে হচ্ছে। অথচ সরকারি ঘর পাওয়ার পরও কিছু ব্যক্তি সেখানে বসবাস না করে অন্যের কাছে ভাড়া দিয়েছেন। এতে সরকারের মূল উদ্দেশ্য ব্যাহত হচ্ছে। তিনি বলেন, বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা প্রয়োজন। যারা প্রকৃতপক্ষে ঘর পাওয়ার যোগ্য, তাদের তালিকা তৈরি করে খালি থাকা ঘরগুলো বরাদ্দ দেওয়া উচিত।
আরেক স্থানীয় বাসিন্দা রহিম বলেন, সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘর মূলত তাদের পাওয়ার কথা, যাদের নিজস্ব জমি ও বাড়িঘর নেই। কিন্তু এলাকায় এমন অনেক ব্যক্তি রয়েছেন, যারা আর্থিকভাবে সচ্ছল হওয়া সত্ত্বেও সরকারি ঘর পেয়েছেন বলে অভিযোগ রয়েছে। অন্যদিকে প্রকৃত দরিদ্র ও অসহায় মানুষ এখনো আবাসনের জন্য কষ্ট করছেন। সরকারি ঘর বরাদ্দের ক্ষেত্রে সঠিকভাবে যাচাই-বাছাই করা হলে এ ধরনের পরিস্থিতি তৈরি হতো না। তিনি আরও বলেন, যারা ঘর বরাদ্দ পেয়েও সেখানে বসবাস করছেন না, তাদের বরাদ্দ পুনর্বিবেচনা করে প্রকৃত ভূমিহীন পরিবারের মধ্যে ঘরগুলো দেওয়ার ব্যবস্থা করতে হবে।
স্থানীয়দের আরও অভিযোগ, আশ্রয়ণ প্রকল্পের কিছু ঘর প্রভাবশালী ব্যক্তিরা নিজেদের দখলে রেখেছেন। তাদের কারও কারও নিজস্ব দুই থেকে তিনতলা বাড়ি থাকার পরও সরকারি ঘর বরাদ্দ নেওয়ার অভিযোগ রয়েছে। শুধু তা-ই নয়, কোনো কোনো ব্যক্তি একাধিক ঘর বরাদ্দ পেয়েছেন বলেও দাবি করেছেন স্থানীয়রা। এসব ঘর প্রকৃত ভূমিহীনদের হাতে না দিয়ে অন্য এলাকার মানুষের কাছে ভাড়া দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এ নিয়ে প্রকল্প এলাকার বাসিন্দাদের মধ্যে অসন্তোষ বাড়ছে। স্থানীয়দের দাবি, বরাদ্দ পাওয়া ব্যক্তিদের স্থায়ী ঠিকানা, আর্থিক অবস্থা, জমিজমা ও বসবাসের পরিস্থিতি সরেজমিনে যাচাই করা প্রয়োজন। পাশাপাশি যারা ঘর পাওয়ার পর অন্যত্র চলে গেছেন কিংবা ঘর ভাড়া দিয়েছেন, তাদের বরাদ্দের বিষয়টিও খতিয়ে দেখা দরকার। কারণ সরকারি অর্থ ব্যয়ে নির্মিত আবাসন প্রকল্পের ঘর কোনো ব্যক্তির ব্যক্তিগত আয়ের উৎস হওয়ার কথা নয়; বরং অসহায় মানুষের স্থায়ী আবাসনের ব্যবস্থা করাই এর মূল লক্ষ্য।
এদিকে আশ্রয়ণ প্রকল্প এলাকায় ভাড়াটিয়াদের অবস্থান নিয়েও স্থানীয়দের মধ্যে উদ্বেগ রয়েছে। তাদের অভিযোগ, ভাড়া দেওয়া কিছু ঘরে বসবাসকারীদের মধ্যে কেউ কেউ মাদক সেবনের সঙ্গে জড়িত। এর ফলে প্রকল্প এলাকার স্বাভাবিক পরিবেশ ও সামাজিক নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। বিশেষ করে নারী ও শিশুদের নিরাপত্তা এবং এলাকার সামাজিক পরিবেশ নিয়ে উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দারা। তারা মনে করছেন, ঘর বরাদ্দের পাশাপাশি প্রকল্প এলাকায় কারা বসবাস করছেন, সেটিও নিয়মিত তদারক করা প্রয়োজন।
স্থানীয়দের মতে, আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো সঠিকভাবে ব্যবহার হচ্ছে কি না, তা নিশ্চিত করতে প্রশাসনের নিয়মিত নজরদারি থাকা জরুরি। বরাদ্দপ্রাপ্ত ব্যক্তিরা প্রকৃত সুবিধাভোগী কি না, তাদের অন্য কোথাও নিজস্ব বাড়ি বা জমি রয়েছে কি না এবং তারা বরাদ্দ পাওয়া ঘরে বসবাস করছেন কি না—এসব বিষয় যাচাই করা প্রয়োজন। একই সঙ্গে দীর্ঘদিন খালি পড়ে থাকা ঘরগুলো দ্রুত চিহ্নিত করে নতুন করে বরাদ্দ দেওয়ার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে রূপগঞ্জ উপজেলা ইউএনও এস এম আব্দুল্লাহ বিন শফিক বলেন, আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো তিনি নিজে সরেজমিনে পরিদর্শন করবেন। পরিদর্শনের মাধ্যমে ঘরগুলোর বর্তমান অবস্থা এবং বরাদ্দপ্রাপ্ত ব্যক্তিদের বিষয়ে খোঁজখবর নেওয়া হবে। যাচাই-বাছাই করে যারা ঘর পাওয়ার যোগ্য, তাদের কাছে ঘর হস্তান্তরের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সহকারী কমিশনারকে (ভূমি) নির্দেশনা দেওয়া হবে। প্রশাসনের পক্ষ থেকে সরেজমিন পরিদর্শন ও যাচাই-বাছাইয়ের আশ্বাস পাওয়ায় স্থানীয়দের মধ্যে আশার সঞ্চার হয়েছে। তবে শুধু পরিদর্শন নয়, অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং প্রকৃত ভূমিহীনদের আবাসন নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা। তাদের মতে, যেসব ঘর খালি পড়ে রয়েছে, সেগুলোর তালিকা তৈরি করে প্রকৃত গৃহহীন পরিবারকে বরাদ্দ দেওয়া হলে সরকারের প্রকল্পটি আরও বেশি মানুষের উপকারে আসবে।
সরকারের আশ্রয়ণ প্রকল্পের মূল উদ্দেশ্য ভূমিহীন ও গৃহহীন মানুষের জন্য নিরাপদ আবাসন নিশ্চিত করা। এ প্রকল্পের মাধ্যমে অসহায় মানুষের মাথা গোঁজার ঠাঁই তৈরি হওয়ার কথা। কিন্তু বরাদ্দে অনিয়ম, ঘর খালি পড়ে থাকা কিংবা ভাড়া দেওয়ার অভিযোগ সত্য হলে তা শুধু প্রকল্পের উদ্দেশ্যকেই ব্যাহত করবে না, বরং প্রকৃত সুবিধাবঞ্চিত মানুষের প্রতি অন্যায় হবে।
তাই কাঞ্চন পৌরসভার আশ্রয়ণ প্রকল্পের ২৭৮টি ঘরের বরাদ্দ ও বর্তমান ব্যবহার নিয়ে স্বচ্ছ তদন্ত, প্রকৃত সুবিধাভোগীদের তালিকা পুনরায় যাচাই এবং অনিয়ম প্রমাণিত হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসনের দ্রুত উদ্যোগে খালি পড়ে থাকা ঘরগুলো প্রকৃত ভূমিহীন ও অসহায় মানুষের কাছে পৌঁছাবে এবং সরকারি এই আবাসন প্রকল্পের মূল লক্ষ্য বাস্তবায়িত হবে।