× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রাম

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে মাঠে নামল বিএনপি-জামায়াত

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬ ১৪:০৮ পিএম

নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘট ঘিরে চট্টগ্রাম নগরজুড়ে সতর্ক অবস্থানে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘট ঘিরে চট্টগ্রাম নগরজুড়ে সতর্ক অবস্থানে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘট ঘিরে নগরজুড়ে সতর্ক অবস্থান নিয়েছেন বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, ছাত্রদল, ছাত্রশিবির ও ছাত্রশক্তির নেতা-কর্মীরা।

সোমবার গভীর রাত থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে পাহারা ও বিক্ষোভ মিছিল করেছেন তারা। মঙ্গলবার সকালেও নগরের বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে নিষিদ্ধ সংগঠনের যেকোনো অপতৎপরতা প্রতিহতের ঘোষণা দিয়েছেন তারা।

সোমবার রাত ১টা থেকে ভোর ৪টা পর্যন্ত নগরের জিইসি মোড়, প্রবর্তক, দুই নম্বর গেট ও দেওয়ানহাটসহ বিভিন্ন এলাকায় লাঠি হাতে পাহারা দিতে দেখা যায় ছাত্রদল, এনসিপি, ছাত্রশক্তি ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের।

এ সময় নগরের বিভিন্ন সড়কে মোটরসাইকেল নিয়ে মহড়া দেন ছাত্রশিবির ও ছাত্রদলের নেতা-কর্মীরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এলাকাতেও মোটরসাইকেল মহড়া দেয় ছাত্রশিবির।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে নগরের বহদ্দারহাট মোড় থেকে মোটরসাইকেল শোডাউন করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগ।

নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতা ঠেকানো এবং অবরোধের নামে অগ্নিসংযোগ ও সহিংসতার প্রতিবাদে যুব বিভাগ চট্টগ্রাম মহানগরীর সভাপতি মুহাম্মদ শামসুজ্জামান হেলালীর নেতৃত্বে র‍্যালিটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জামালখানে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে শেষ হয়।

শতাধিক মোটরসাইকেলের এই র‍্যালিতে অংশগ্রহণকারীরা অগ্নিসংযোগ, সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে স্লোগান দেন। উপস্থিত ছিলেন যুব বিভাগ মহানগরীর সহসভাপতি মুহাম্মদ শফিউল আলম, সেক্রেটারি আ ন ম জোবায়েরসহ নেতাকর্মীরা।

র‍্যালি শেষে শামসুজ্জামান হেলালী বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে সাধারণ মানুষের জানমাল ও জননিরাপত্তা বিপন্ন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

এদিকে চবির শিক্ষার্থীদের যাতায়াতের প্রধান বাহন শাটল ট্রেনের হোসপাইপ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে নগরে রাখা শাটল ট্রেনের হোসপাইপ কেটে ফেলে দুর্বৃত্তরা। ব্রেকিং ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট এ পাইপ ক্ষতিগ্রস্ত হওয়ায় মঙ্গলবার সকালে শাটল ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে ছাড়ে।

রেল কর্মকর্তারা জানান, হোসপাইপ ক্ষতিগ্রস্ত হলে ব্রেকের বায়ুচাপ ধরে রাখা কঠিন হয়ে পড়ে, যা ট্রেন চলাচলের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ।

রেলওয়ের ডেপুটি চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পূর্ব) তারেক মো. ইমরান বলেন, রাতে বেশ কয়েকটি ট্রেনের হোসপাইপ কেটে দেওয়ার ঘটনা ঘটেছে। পরে দ্রুত মেরামত করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে।

নগর পুলিশের জনসংযোগ শাখার সহকারী কমিশনার আমিনুর রশিদ বলেন, গতকাল রাত থেকে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে। গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন এবং টহল বাড়ানো হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা