× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টাকা না দিলেই হামলা, গাছ কেটে উচ্ছেদের হুমকি: অভিযোগ হিন্দু পরিবারের

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬ ১৩:৫১ পিএম

আপডেট : ১০ নভেম্বর ২০২৬ ১৮:১৬ পিএম

নিকলীতে এক হিন্দু পরিবারের বসতবাড়িতে হামলা ও ভাঙচুর। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নিকলীতে এক হিন্দু পরিবারের বসতবাড়িতে হামলা ও ভাঙচুর। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কিশোরগঞ্জের নিকলীতে এক হিন্দু পরিবারের বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও গাছপালা কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিবেশী রবিন মিয়ার বিরুদ্ধে। জমি দখল করে বসতভিটা থেকে উচ্ছেদের উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে ওই পরিবারকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। 

এতে পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে।

উপজেলার দামপাড়া ইউনিয়নের সূত্রধরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী অনিল বর্মন বাদী হয়ে রবিন মিয়া ও অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে অভিযুক্ত করে নিকলী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, কাজের সুবাদে অনিল বর্মন দীর্ঘদিন ধরে ঢাকায় থাকেন। তার অনুপস্থিতিতে বাড়িতে বসবাস ও দেখাশোনা করেন ছোট ভাইয়ের স্ত্রী লাকি বর্মন। অনিল বাড়িতে এলে প্রতিবেশী রবিন তার কাছে পাঁচ থেকে দশ হাজার টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়। জমি দখল করে তাদের বসতভিটা থেকে উচ্ছেদের উদ্দেশ্যে এসব কর্মকাণ্ড চালানো হচ্ছে বলে অভিযোগ পরিবারের।

অনিল বর্মনের অভিযোগ, গত রবিবার (৮ নভেম্বর) রাত সোয়া ১টার দিকে রবিন আরও দুই থেকে তিনজনকে সঙ্গে নিয়ে তাঁদের বাড়িতে হামলা করেন। এ সময় হাতুড়ি দিয়ে বাড়ির ইটের সীমানাপ্রাচীর ভাঙচুর করা হয়। কেটে ফেলা হয় পেঁপে, জাম ও আমগাছের চারা। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। বাধা দিতে গেলে তাঁকে হাতুড়ি দিয়ে আঘাত এবং হত্যার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন অনিল।

অনিল বর্মন বলেন, আমি কাজের সুবাদে ঢাকায় থাকি। বাড়িতে এলে রবিন আমার কাছে টাকা চান। টাকা না দিলে বাড়িতে এসে হামলা করেন, গাছপালা কাটেন। আমার বাড়ির সীমানাপ্রাচীর ভেঙে ফেলেছেন, মাটি কেটে নিয়েছেন। আমার ছোট ভাইয়ের স্ত্রীকেও মারধর করেছেন। দেশীয় অস্ত্র নিয়ে ঘোরাফেরা করে আমাকে হত্যার হুমকি দেন। শুধু হামলা ও ভাঙচুরই নয়, মিথ্যা মামলায় জড়িয়ে কারাগারে পাঠানোর হুমকিও দেওয়া হচ্ছে। আমরা নিজেদের বাড়িতে শান্তিতে বসবাস করতে চাই। ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার চাই।

অনিলের ছোট ভাইয়ের স্ত্রী লাকি বর্মন বলেন, কয়েক দিন আগে রবিন তার স্ত্রীর কাছ থেকে ছুরি চেয়ে নিয়ে তাদের বাড়ির ফলের গাছগুলো কেটে ফেলেন। এ সময় তাদের উদ্দেশে রবিন বলেন, তোরা এখানে থাকতে পারবি না, তোদের বড় ঘরও ভাঙব। গাছ কাটার প্রতিবাদ করলে রবিন তাঁর ডান হাতের একটি আঙুল ধরে মুচড়ে দেন এবং শরীরেও হাত দেন বলে অভিযোগ করেন লাকি।

প্রতিবেশী অঞ্জনা রাণী সূত্রধর বলেন, অনিল বর্মন ও তার পরিবারের সঙ্গে যা ঘটেছে, তা খুবই দুঃখজনক। তাদের বাড়িতে হামলা, ভাঙচুর ও গাছপালা কেটে ফেলার ঘটনা আমরা শুনেছি। জমি নিয়ে বিরোধ থাকলে তা স্থানীয়ভাবে বা প্রশাসনের মাধ্যমে মীমাংসা করা যেতে পারে। এভাবে ভয়ভীতি দেখানো বা বাড়িঘর ভাঙচুর করা কোনোভাবেই ঠিক নয়। তাঁরা যেন নিজেদের বাড়িতে নিরাপদে ও শান্তিতে বসবাস করতে পারেন, সে জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

নিকলীতে এক হিন্দু পরিবারের বসতবাড়িতে হামলা ও ভাঙচুর। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রবিন মিয়ার চাচাতো ভাই তহুর উদ্দিন বলেন, অনিল বাড়িতে এলেই রবিন তার কাছে পাঁচ থেকে দশ হাজার টাকা দাবি করেন। টাকা না দিলে হুমকি দেন। এসব ঘটনার কথা জানিয়ে অনিল তাদের কাছে এসে কান্নাকাটি করেছেন। পরে স্থানীয় লোকজনকে নিয়ে বসে বিষয়টি মীমাংসার পরামর্শ দেওয়া হলেও রবিন তা মানেননি। রবিন দেশীয় অস্ত্র নিয়ে এলাকায় ঘোরাফেরা করেন এবং রাতের বেলায় ইট দিয়ে ঘরের চালে ঢিল ছোড়েন বলেও অভিযোগ করেন তিনি।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন রবিন মিয়া। তার দাবি, তিনি শুধু একটি পেঁপেগাছ ও দুটি ঢেঁড়সগাছ কেটেছেন। গাছ কাটার পর লাকি বর্মন তাকে ধাক্কা দেন। তার বিরুদ্ধে চাঁদাবাজি, মাদক ব্যবসাসহ বিভিন্ন অভিযোগে চারটি মামলা রয়েছে বলেও দাবি করেন রবিন। জমি নিয়ে বিরোধের বিষয়টি স্থানীয় মুরব্বিদের মাধ্যমে মীমাংসার চেষ্টা করছেন বলে জানান তিনি।

দামপাড়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল হামিদ বলেন, জমির সীমানা নিয়ে বিরোধ মীমাংসার জন্য তারা কয়েকজন উদ্যোগ নিয়েছিলেন। সঠিক সীমানা নির্ধারণে জমি মাপার প্রয়োজন ছিল। এর আগে একজন আমিন জমি মাপলেও অনিল বর্মনকে বাড়িতে না পাওয়ায় বিরোধের নিষ্পত্তি হয়নি। পরে আবার জমি মাপার উদ্যোগ নেওয়া হয়। কিন্তু তাঁদের সামনেই রবিন অনিল বর্মনকে হুমকি দেন। তখন তাঁরা রবিনকে এমন আচরণ না করার জন্য সতর্ক করেন।

নিকলী থানার ওসি ইশতিয়াক আহমেদ বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘনাস্থলে পুলিশ গিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেছে। অনিল বর্মনকে থানায় আসতে বলা হয়েছে। তিনি এলে তার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা