ফেনী প্রতিবেদক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬ ২২:১৭ পিএম
ছাগলনাইয়ায় ৩ লাখ টাকা ব্যয়ে খালের ওপর নির্মাণ করা হয়েছে একটি কালভার্ট। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ফেনীর ছাগলনাইয়ায় ৩ লাখ টাকা ব্যয়ে খালের ওপর নির্মাণ করা হয়েছে একটি কালভার্ট। তবে দুই পাশে সংযোগ সড়ক না থাকায় সেটি কোনো কাজেই আসছে না স্থানীয় কৃষকদের।
কালভার্টে ওঠার পথ না থাকায় আগের মতোই জমির সরু আইল দিয়ে খাল পার হতে হচ্ছে তাদের। এতে কৃষিজমিতে যাতায়াত ও ফসল পরিবহনে দুর্ভোগ পোহাচ্ছেন কৃষকরা। জেলা পরিষদ বলছে, প্রকল্পে শুধু কালভার্ট নির্মাণের বরাদ্দ ছিল, সংযোগ সড়কের নয়। ফলে ৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত কালভার্টটি পড়ে আছে অনেকটা অব্যবহৃত।
স্থানীয় কৃষকরা জানান, দীর্ঘদিন ধরে তারা আঁধারমানিক খালের ওপর কাঠের সাঁকো তৈরি করে কৃষিজমিতে যাতায়াত করতেন। পরে সেখানে কালভার্ট নির্মাণ করা হলেও দুই পাশে কোনো সংযোগ সড়ক তৈরি করা হয়নি। ফলে কালভার্টটি নির্মাণের পরও তাদের চলাচলের সমস্যার সমাধান হয়নি। এখনও জমির সরু আইল দিয়েই খাল পারাপার হতে হচ্ছে।
জেলা পরিষদ সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে ৩ লাখ টাকা বরাদ্দে কালভার্টটি মেসার্স আয়ান এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণ করে। তবে প্রকল্পে শুধু কালভার্ট নির্মাণের বরাদ্দ থাকায় সংযোগ সড়ক নির্মাণ হয়নি। স্থানীয় কৃষক আবদুল আউয়াল বলেন, কালভার্ট নির্মাণ করা হলেও সেটিতে ওঠার কোনো পথ রাখা না হওয়ায় আগের মতোই জমিতে যাতায়াত করতে হচ্ছে। বিশেষ করে জমি থেকে ফসল বাড়িতে নিয়ে যাওয়ার সময় বেশি দুর্ভোগ পোহাতে হয়। আরেক কৃষক গনি মিয়া বলেন, কোনো সংযোগ সড়ক না থাকায় কালভার্টে উঠতে হলে মই ব্যবহার করতে হবে। এ অবস্থায় কালভার্টটি কৃষকদের কোনো কাজে আসছে না।
এ বিষয়ে ফেনী জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মো. ইউনুছ বলেন, ৩ লাখ টাকা বরাদ্দের প্রকল্পে সড়ক নির্মাণের কোনো সুযোগ ছিল না। প্রকল্পটি নেওয়া হয়েছিল মূলত খাল পার হয়ে কৃষিজমিতে যাতায়াতের সুবিধার জন্য। এটি যানবাহন চলাচলের সড়ক নয়।
তিনি আরও বলেন, জেলা পরিষদ সাধারণত ছোট ছোট প্রকল্প বাস্তবায়ন করে, রাস্তা নির্মাণ করে না। স্থানীয়রা চাইলে এ কালভার্টের সংযোগ সড়ক নির্মাণে সরকারের অন্য কোনো দপ্তর আলাদা বরাদ্দে উদ্যোগ নিতে পারে।