কক্সবাজার অফিস
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬ ২১:৩৫ পিএম
সেনাসদস্য তিতাস শেখ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কক্সবাজারে টেকনাফের গহিন পাহাড়ে অভিযানকালে মানব পাচারকারীদের গুলিতে সেনাসদস্য তিতাস শেখ নিহতের ঘটনার চার দিন পর মামলা দায়ের হয়েছে।
এ ঘটনায় হত্যা, মানব পাচার ও অস্ত্র আইনে পৃথক তিনটি মামলায় ৯৫ জনকে এজাহারনামীয় এবং আরও ৫২ থেকে ৫৯ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম। তিনি জানান, সেনাবাহিনীর একজন সদস্য বাদী হয়ে হত্যা মামলা করেছেন। এ ছাড়া মানব পাচার ও অস্ত্র আইনে আরও দুটি মামলা করেছে পুলিশ। এ ছাড়া অভিযানস্থল থেকে গ্রেপ্তার ছয়জনের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নিয়ে তাদের কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।
তিনটি মামলার মধ্যে একটিতে প্রধান আসামি করা হয়েছে টেকনাফের ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদকে। ঘটনার দিন অভিযানের সময় পালানোর চেষ্টাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে গ্রেপ্তার করেছিলেন। মামলার অধিকাংশ আসামি রোহিঙ্গা হলেও কয়েকজন বাংলাদেশি নাগরিক রয়েছেন।
এর আগে, গত বৃহস্পতিবার টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকার গহিন পাহাড়ে যৌথ বাহিনীর সঙ্গে সশস্ত্র মানব পাচারকারীদের গোলাগুলির ঘটনা ঘটে। এতে সেনাসদস্য মো. তিতাস শেখ গুলিবিদ্ধ হলে তাকে নিকটস্থ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে রামু সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অভিযানকালে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মানব পাচারে জড়িত চারজনকে গ্রেপ্তার এবং আস্তানায় জিম্মি করে রাখা ৫৬ জন ভুক্তভোগীকে উদ্ধার করেন। পরদিন যৌথ বাহিনীর বিশেষ সাঁড়াশি অভিযানে জড়িত সন্দেহে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল ও চারটি গুলিসহ বেশকিছু সরঞ্জাম উদ্ধার করা হয়।