দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিবেদক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬ ২০:৩৩ পিএম
দেওয়ানগঞ্জে এক তরুণীকে ধর্ষণের দায়ে মো. ইউনুস আলী নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
জামালপুরের দেওয়ানগঞ্জে এক তরুণীকে ধর্ষণের দায়ে মো. ইউনুস আলী নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। অর্থদণ্ডের পুরো অর্থ ভুক্তভোগীকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত ইউনুস আলী দেওয়ানগঞ্জ উপজেলার কুমারের চর এলাকার গাজী রহমানের ছেলে।
মামলার এজাহার থেকে জানা যায়, ভুক্তভোগী তরুণী ও আসামির বাড়ি একই গ্রামে। সেই সুবাদে বিভিন্ন সময় যাতায়াতের পথে এবং একা পেলে ইউনুস তাকে কুপ্রস্তাব দিতেন। প্রেম ও বিয়ের প্রলোভন দেখিয়ে তার মোবাইল নম্বর সংগ্রহ করেন। বিষয়টি তরুণী তার বাবা-মাকে জানালে তারা ইউনুসের অভিভাবকদের বিষয়টি অবহিত করেন। এতে ক্ষিপ্ত হয়ে ইউনুস তার প্রতি আরও আক্রোশ পোষণ করেন। ২০১৬ সালের ৬ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে ওই তরুণী বাড়ির টিউবওয়েল পাড়ে পানি আনতে গেলে আগে থেকে ওঁৎ পেতে থাকা ইউনুস পেছন থেকে তার মুখ চেপে ধরে জোরপূর্বক পাশের একটি স্থানে নিয়ে যান। সেখানে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন।
জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর পাবলিক প্রসিকিউটর ফজলুল হক বলেন, ঘটনার কয়েক দিন পর ২৯ সেপ্টেম্বর নির্যাতনের শিকার ওই নারী জামালপুর আদালতে মামলা করেন। এ মামলায় রাষ্ট্রপক্ষ থেকে সাতজন সাক্ষী উপস্থাপন করা হয়েছে। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত এই রায় ঘোষণা করেন।