চাটমোহর (পাবনা) প্রতিবেদক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬ ২০:২১ পিএম
চাটমোহরে সার বিক্রির সময় ডিলারের গোডাউন ভাঙচুর করে প্রায় ৬১১ বস্তা সার লুটের অভিযোগ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
পাবনার চাটমোহরে সার বিক্রির সময় কৃষকদের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটেছে। এ সময় এক সার ডিলারের গোডাউন ভাঙচুর করে প্রায় ৬১১ বস্তা সার লুটের অভিযোগ উঠেছে কৃষকদের বিরুদ্ধে।
সোমবার দুপুরের দিকে উপজেলার ছাইকোলা বাজার এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল থেকে বাজারে রহমত, হবু ও নিরু ঘোষ নামে তিনজন ডিলারই সার বিতরণ করছিলেন। পাশাপাশি দোকান হওয়ায় কৃষকরা এলোমেলোভাবে সাড়িবদ্ধ হয়েছিলেন। পরে তাদের ওয়ার্ডভিত্তিক সাড়িবদ্ধ হওয়ার কথা বলা হয়। এ সময় হট্টগোল হয়, পরে ডিলারদের মধ্যে রহমত ও হবু নামের দুজন ডিলার সার দেওয়া বন্ধ করে দোকান বন্ধ করে চলে যান। এক পর্যায়ে নিরু ঘোষের দোকানে চাপ সৃষ্টি হয়। বিতরণকালে এক পর্যায়ে কৃষকদের মধ্যে উত্তেজনা ও হট্টগোলের সৃষ্টি হয়। উত্তেজিত লোকজন সার ডিলার নিরু ঘোষের গোডাউনে ভাঙচুর চালায়। এ সময় গোডাউন থেকে প্রায় ৬১১ বস্তা সার লুট করে নিয়ে যায় তারা। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ হাসান, কৃষি বিভাগের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক এবং চাটমোহর থানার ওসি ওলিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মাইকিং করে কৃষকদের সার ফেরত দেওয়ার আহ্বান জানানো হয়।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার খালিদ হাসান জানান, আমরাও এই অভিযোগ পেয়েছি। সার ফেরত নেওয়ার চেষ্টা করছি। ফেরত না দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।