মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬ ২০:১৩ পিএম
হোসেনপুরে চুরির সন্দেহে বাড়ি থেকে তুলে এনে এক যুবককে হাত-পা বেঁধে শারীরিক নির্যাতনের অভিযোগ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কিশোরগঞ্জের হোসেনপুরে চুরির সন্দেহে বাড়ি থেকে তুলে এনে জয় নামের এক যুবককে হাত-পা বেঁধে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি ও আসন্ন জিনারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কাজী শরিফুল আলমের বিরুদ্ধে।
রবিবার রাতে নির্যাতনের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এর আগে শনিবার রাত ৮টার দিকে হোসেনপুর উপজেলার ১ নম্বর জিনারী ইউনিয়নের চরকাটিহারী গ্রামে এ ঘটনা ঘটে।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, লুঙ্গি পরা জয় নামের এক যুবককে হাত-পা বেঁধে মাটিতে উপুড় করে রাখা হয়েছে। এ সময় কাজী শরিফুল আলম এক পা দিয়ে তাকে চেপে ধরে লাঠি দিয়ে দুই পায়ের তালুতে একের পর এক আঘাত করছেন। নির্যাতনের শিকার যুবককে কাতরাতে দেখা যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে চরকাটিহারী গ্রামে একটি বিদ্যুতের সেচমোটর চুরির ঘটনা ঘটে। ওই চুরির সঙ্গে জড়িত সন্দেহে পাগলা থানার আমাটিয়া এলাকায় নিজ বাড়ি থেকে জয়কে তুলে চরকাটিহারী গ্রামে নিয়ে আসা হয়। পরে সেখানে তাঁর হাত-পা বেঁধে নির্যাতন করা হয়।
স্থানীয় কয়েকজনের অভিযোগ, জয়কে চুরির অপবাদ দিয়ে নির্যাতন করা হলেও এর পেছনে অন্য বিরোধও থাকতে পারে। তাদের দাবি, মাদক কেনাবেচার প্রস্তাবে রাজি না হওয়ায় জয়কে বাড়ি থেকে তুলে এনে নির্যাতন করা হয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে কাজী শরিফুল আলম জানান, তার দুই চাচার দুটি সেচমোটর দুই রাতে জয় চুরি করে নিয়ে গেছেন। ঘটনার প্রমাণ পাওয়ার পরদিন তাকে ধরে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষকে শান্ত করতে তাকে বাধ্য হয়ে এমন পদক্ষেপ নিতে হয়েছে বলে দাবি করেন তিনি। এ ছাড়া জয় এলাকার নারীদের কানের দুলসহ স্বর্ণালংকার চুরির সঙ্গেও জড়িত বলে অভিযোগ করেন তিনি।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, মারধরের ঘটনাটি দুই দিন আগে ঘটেছে। তবে শনিবার তিনি প্রথম ঘটনার ভিডিও দেখেছেন। এর আগে এভাবে পেটানোর বিষয়ে তিনি অবগত ছিলেন না।