আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬ ২০:১০ পিএম
ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে পাঁচজনকে ৩০ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
হবিগঞ্জের আজমিরীগঞ্জে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে পাঁচজনকে ৩০ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত তিনটি ট্রাক্টর ও দুটি ট্রলি আটক করা হয়েছে।
সোমবার বিকাল ৩ ঘটিকায় আজমিরীগঞ্জ পৌরসভার কাকাইলছেও
রোড ও বাসমহাল এলাকায় পৃথক অভিযান চালানো হয়। অভিযানে কাকাইলছেও রোড থেকে তিনটি
ট্রাক্টর এবং বাসমহাল এলাকা থেকে দুটি ট্রলি আটক করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ডপ্রাপ্তরা হলেনÑ হবিগঞ্জের
মাধবপুর উপজেলার কালিকাপুর গ্রামের খালেক মিয়ার ছেলে হাবিব মিয়া, বানিয়াচং উপজেলার
বালাকপুর গ্রামের ওয়াহিদ চৌধুরীর ছেলে রাজু চৌধুরী, আজমিরীগঞ্জ উপজেলার
শুকরিবারি গ্রামের মুজাম্মিল মিয়ার ছেলে জসিম মিয়া, বাহুবল উপজেলার মিরপুর
লস্করপুর গ্রামের রহিম উল্লাহর ছেলে সুজন মিয়া এবং আজমিরীগঞ্জ উপজেলার বিরাট
গ্রামের মৃত তোয়াব আলী মিয়ার ছেলে আস্বাদ মিয়া।
স্থানীয়দের মতে, ফসলি জমির মাটি অবৈধভাবে কেটে নেওয়া
হলে জমির উর্বরতা কমে যায় এবং দীর্ঘমেয়াদে কৃষি উৎপাদন ব্যাহত হয়। তাই এ ধরনের
কর্মকাণ্ড বন্ধে নিয়মিত নজরদারি ও প্রশাসনিক অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন
তারা।
অভিযান পরিচালনা করেন আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী
অফিসার (ভারপ্রাপ্ত) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট
মো. জসিম উদ্দিন চৌধুরী। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী আটক পাঁচজনের
প্রত্যেককে ৩০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন
চৌধুরী জানান, ফসলি জমির উপরিভাগের উর্বর মাটি কেটে নেওয়া কৃষি উৎপাদন ও পরিবেশের
জন্য ক্ষতিকর। অবৈধভাবে মাটি উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আইন
অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।