কুমিল্লা অফিস
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬ ২০:০৪ পিএম
কুমিল্লা শিক্ষা বোর্ড। ছবি: সংগৃহীত
এইচএসসি পরীক্ষায় কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি, এমন ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এসব প্রতিষ্ঠানের অধ্যক্ষদের কারণ দর্শানোর নোটিস দিয়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ আজ বোর্ডে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে কুমিল্লা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মোহাম্মদ শিপন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
বোর্ড সূত্রে জানা যায়, শূন্য পাস করা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার পরিবেশ, পাঠদান কার্যক্রম ও প্রশাসনিক ব্যবস্থাপনা পর্যালোচনা করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তলব করা ১৫টি প্রতিষ্ঠানের মধ্যে কুমিল্লার তিনটি, লক্ষ্মীপুরের পাঁচটি, চাঁদপুরের দুটি, ব্রাহ্মণবাড়িয়ার দুটি, ফেনীর দুটি এবং নোয়াখালীর একটি প্রতিষ্ঠান রয়েছে।
কুমিল্লার প্রতিষ্ঠানগুলো হলো লালমাই উপজেলার সুরুজ মেমোরিয়াল হাই স্কুল অ্যান্ড কলেজ, চৌদ্দগ্রামের বগৈড় বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং ব্রাহ্মণপাড়ার প্রফেসর সেকান্দর আলী ভূঁইয়া বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ।
লক্ষ্মীপুরের পাঁচটি প্রতিষ্ঠান হলো কেমব্রিজ সিটি কলেজ, বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মোমতাজ উদ্দিন আলোকিত কলেজ, লক্ষ্মীপুর পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ, হাজিমিয়ার হাট উচ্চবিদ্যালয় ও কলেজ এবং তোরাবগঞ্জ উচ্চবিদ্যালয় ও কলেজ।
এ ছাড়া চাঁদপুরের শহীদ পৌর জাবেদ স্কুল অ্যান্ড কলেজ ও আড়ং বাজার ডক্টর অ্যান্ড শামসুল হক মডেল কলেজ, ব্রাহ্মণবাড়িয়ার জিনদপুর ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ ও বিরগাঁও উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজ, ফেনীর বেগম শামসুন্নাহার গার্লস স্কুল অ্যান্ড কলেজ ও বিকন মডেল কলেজ এবং নোয়াখালীর আপার মডেল কলেজকে তলব করা হয়েছে।
কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. শফিকুল ইসলাম বলেন, এর আগেও যেসব প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাস করেনি, সেসব প্রতিষ্ঠানের প্রধানসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। এবারও শূন্য পাস করা প্রতিষ্ঠানগুলোর অধ্যক্ষদের নোটিশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, অধ্যক্ষদের বক্তব্য শোনার পর শিক্ষামন্ত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরবর্তী নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।