× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ, ঝুমুরের শিক্ষার দায়িত্বে নুর

গলাচিপা (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬ ২০:০০ পিএম

ঝুমুরের পড়াশোনা অব্যাহত রাখতে আর্থিক সহায়তা দেন ইউএনও আবুজর মো. ইজাজুল হক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঝুমুরের পড়াশোনা অব্যাহত রাখতে আর্থিক সহায়তা দেন ইউএনও আবুজর মো. ইজাজুল হক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পটুয়াখালীর গলাচিপার সপ্তম শ্রেণির মেধাবী শিক্ষার্থী ঝুমুর আক্তারের বাল্যবিবাহ বন্ধ হয়েছে। সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হকের হস্তক্ষেপে বিয়ের আয়োজন বন্ধ করা হয়। 

একই সঙ্গে ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। আর মাদ্রাসার সুপার জানিয়েছেন, তার প্রতিষ্ঠানে পড়াশোনা করা পর্যন্ত ঝুমুরের কোনো খরচ লাগবে না।

সোমবার ইউএনওর নির্দেশনায় চরবিশ্বাস ইউনিয়নের তহশিলদার মীর শহিদুল ইসলাম, গ্রাম পুলিশ শাহ আলম ও ছোট শিবা ছালেহিয়া দাখিল মাদ্রাসার সুপার মো. হারুন অর রশিদ ঝুমুরের বাড়িতে যান। পরে বিয়ের আয়োজন বন্ধ করে ঝুমুর ও তার পরিবারের সদস্যদের ইউএনওর কার্যালয়ে নেওয়া হয়। সেখানে বাল্যবিবাহ না দেওয়ার বিষয়ে ঝুমুরের বাবার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। পাশাপাশি ঝুমুরের পড়াশোনা অব্যাহত রাখতে আর্থিক সহায়তা দেন ইউএনও।

এদিকে ভিডিও কলের মাধ্যমে ঝুমুরের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তার সাহসী উদ্যোগের প্রশংসা করে পড়াশোনার দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন তিনি।

ঝুমুর চরবিশ্বাস ইউনিয়নের ছোট শিবা ছালেহিয়া দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী। তার জন্ম ২৮ মার্চ ২০১২। ৩৯ জন শিক্ষার্থীর মধ্যে তার রোল নম্বর ১। 

জানা গেছে, পরিবারের সদস্যরা ৯ নভেম্বর ঝুমুরের বিয়ের দিন নির্ধারণ করেছিলেন। কিন্তু বিয়েতে রাজি না হয়ে ৮ নভেম্বর পড়াশোনা চালিয়ে যাওয়ার আকুতি জানিয়ে মাদ্রাসার সুপার বরাবর লিখিত আবেদন করে সে। আবেদনে ঝুমুর জানায়, সে এখন বিয়ে করতে চায় না; পড়াশোনা করে নিজের ভবিষ্যৎ গড়তে চায়।

ঝুমুরের বাবা লাল মিয়া সরদার জানান, তিনি একজন দিনমজুর। তাঁর তিন মেয়ে ও এক ছেলে। এর মধ্যে দুই মেয়ের বিয়ে হয়েছে। তাঁদের ঘরে তিন নাতনির পড়াশোনার খরচও তাঁকে বহন করতে হয়। তাঁর ছেলে বাবার সঙ্গে দিনমজুরের কাজ করেন। অভাবের সংসারে মেয়ের পড়াশোনার খরচ চালানো কঠিন হয়ে পড়ায় তিনি বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু মেয়ে বিয়েতে রাজি হয়নি। এখন স্যাররা বলেছেন, মেয়ে ভালো পড়াশোনা করে। প্রতিমন্ত্রী নুরুল হক নুরও তার পড়াশোনার দায়িত্ব নিয়েছেন। এখন আর পড়ানোর সমস্যা নেই। 

ইউএনও আবুজর মো. ইজাজুল হক বলেন, বাল্যবিবাহ বন্ধ করে ঝুমুরের বাবার কাছ থেকে এ বিষয়ে মুচলেকা নেওয়া হয়েছে। মেয়েটির পড়াশোনা অব্যাহত রাখতে প্রয়োজনীয় সহায়তা করা হবে।
শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা