× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যাদুকাটার বালুমহাল

হরিলুটের ভাগ চান ডিডিএলজি অসীম

রাসেল আহমদ, মধ্যনগর (সুনামগঞ্জ)

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬ ১৯:৩২ পিএম

সুনামগঞ্জের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডিএলজি) ও সুনামগঞ্জ পৌরসভার প্রশাসক অসীম চন্দ্র বণিক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সুনামগঞ্জের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডিএলজি) ও সুনামগঞ্জ পৌরসভার প্রশাসক অসীম চন্দ্র বণিক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

‘যাদুকাটা নদীর বালুমহালের এই হরিলুটের ভাগ আমাদেরকেও দিতে হবে’Ñ সরকারি গুরুত্বপূর্ণ পদে বসে এমন বক্তব্য দিয়ে তোলপাড় ফেলে দিয়েছেন সুনামগঞ্জের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডিএলজি) ও সুনামগঞ্জ পৌরসভার প্রশাসক অসীম চন্দ্র বণিক। সম্প্রতি তার একটি অডিও ফোনালাপ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রশাসনে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

একজন পদস্থ সরকারি কর্মকর্তার সঙ্গে স্থানীয় এক রাজনৈতিক নেতার বালু-পাথর মহালের কোটি টাকার ইজারা ও শেয়ার নিয়ে এই দরকষাকষি স্থানীয় প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। বদলি বাণিজ্য, আর্থিক সুবিধা গ্রহণ ও ক্ষমতার অপব্যবহারসহ এই কর্মকর্তার বিরুদ্ধে ওঠা একের পর এক অভিযোগে সুনামগঞ্জজুড়ে এখন তুমুল আলোচনা চলছে।

ছড়িয়ে পড়া অডিও ফোনালাপটিতে ডিডিএলজি অসীম চন্দ্র বণিকের সঙ্গে তাহিরপুর উপজেলার বালিজুড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজাদ হোসাইনের কথোপকথন শোনা যায়। এতে যাদুকাটা নদীর বালু-পাথর মহালের ইজারা, কোটি টাকার শেয়ার ও আর্থিক অংশীদারত্বের প্রসঙ্গ উঠে আসে। কথোপকথনের একপর্যায়ে অসীম চন্দ্র বণিককে ‘হরিলুটের ভাগ’ দাবি করার পাশাপাশি এক সংসদ সদস্যকে নিয়ে অশালীন মন্তব্য করতেও শোনা যায়।

অপর প্রান্তের ব্যক্তি আজাদ হোসাইন বাংলাদেশ স্থলবন্দর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য। প্রশাসন ও রাজনীতিকদের সঙ্গে সখ্যের সুবাদে তিনি যাদুকাটা নদীর বালু-পাথর ব্যবসায় প্রভাব বিস্তার করে আসছেন। তবে ফাঁস হওয়া এই অডিওর সত্যতা ও কথোপকথনের পূর্ণাঙ্গ প্রেক্ষাপট স্বাধীনভাবে যাচাইয়ের দাবি উঠেছে।

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর আত্মগোপনে থাকা ইউপি চেয়ারম্যানদের টাকার বিনিময়ে পুনরায় দায়িত্ব পালনের সুযোগ করে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে অসীম চন্দ্র বণিকের বিরুদ্ধে। অভিযোগকারীদের দাবি, পাঁচ থেকে দশ লাখ টাকার বিনিময়ে এই কাজে তাকে সহযোগিতা করেন বালিজুড়ীর ইউপি চেয়ারম্যান আজাদ হোসেইন এবং বাদাঘাটের চেয়ারম্যান নিজাম উদ্দিন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ইউপি চেয়ারম্যান জানান, অসুস্থতার কারণে তিনি এক বছর দায়িত্ব পালন করতে পারেননি। নিয়ম অনুযায়ী প্যানেল চেয়ারম্যানকে আর্থিক দায়িত্ব দেওয়া হয়েছিল। সুস্থ হওয়ার পর তিনি ইউপি সদস্যদের নিয়ে বিশেষ সভা করে দায়িত্ব ফিরে পাওয়ার রেজল্যুশন জেলা প্রশাসকের কাছে পাঠান। এ বিষয়ে ডিডিএলজি অসীম চন্দ্র বণিকের সঙ্গে দেখা করলে তিনি জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পূর্বানুমতি ও আনুষঙ্গিক খরচ বাবদ তাকে ৫ লাখ টাকা দিতে হবে। টাকা দিতে না পারায় ওই চেয়ারম্যান এখনও তার আর্থিক দায়িত্ব ফিরে পাননি।

সুনামগঞ্জের বিভিন্ন ইউপি সচিবের অভিযোগ, আর্থিক সুবিধা না পেলে কোনো কারণ দর্শানোর নোটিস ছাড়াই ডিডিএলজি বদলি করে দেন। সম্প্রতি শাল্লার আটগাঁও ইউপি সচিব অসিত রঞ্জন সরকারকে দিরাইয়ের রাজানগরে এবং তাহিরপুরের বালিজুড়ী ইউপি সচিব মনিরুল ইসলামকে দিরাইয়ের তাড়ল ইউনিয়নে বদলি করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ইউপি সচিব বলেন, ‘তিনি নিজেকে অত্যন্ত ক্ষমতাধর কর্মকর্তা হিসেবে উপস্থাপন করেন এবং কোনো কারণ ছাড়াই আমাকে বদলি করেছেন।’

যাদুকাটা নদীর অবৈধ বালু বাণিজ্য নিয়ে পুলিশের এক গোপন প্রতিবেদনে সম্প্রতি জেলা প্রশাসন ও পুলিশের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশের বিষয়টি উঠে আসে। এর মধ্যেই এই ফোনালাপ ফাঁস হওয়ায় পুরো সিন্ডিকেটের বিষয়টি আরও স্পষ্ট হয়ে উঠেছে।

এদিকে এসব অভিযোগের বিষয়ে ডিডিএলজি অসীম চন্দ্র বণিকের বক্তব্য জানতে তার ব্যক্তিগত ও সরকারি মোবাইল নম্বরে কল এবং হোয়াটসঅ্যাপে একাধিকবার বার্তা পাঠানো হলেও তিনি কোনো সাড়া দেননি।

বিসিএস প্রশাসন ক্যাডারের ২৯তম ব্যাচের কর্মকর্তা অসীম চন্দ্র বণিক ২০২১ সালের আগস্টে সুনামগঞ্জে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে যোগ দেন। এর আগে ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত মৌলভীবাজারের জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালনকালেও তিনি বিতর্কিত হন। আর্থিক অনিয়ম, হকার উচ্ছেদ ও প্রশাসনিক নানা সিদ্ধান্ত নিয়ে তৎকালীন উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ মোঈদ ফারুকের সঙ্গে তার প্রকাশ্য বিরোধ গণমাধ্যমেও শিরোনাম হয়েছিল।

সুনামগঞ্জে ডিডিএলজির পাশাপাশি একপর্যায়ে তিনি জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং সুনামগঞ্জ পৌরসভার প্রশাসকের দায়িত্বও পালন করেন। আর্থিক বিষয় ও দায়িত্ব ভাগাভাগি নিয়ে জেলা পরিষদের প্রশাসক এবং বিএনপি নেতা মিজানুর রহমান চৌধুরীর সঙ্গে বিরোধের জেরে তাকে সিইও পদ থেকে সরিয়ে দেওয়া হয়।

পৌরসভার প্রশাসক হিসেবে তার বিরুদ্ধে ব্যাটারিচালিত অটোরিকশার মালিকদের কাছ থেকে সরকারি রসিদ ছাড়াই অর্থ আদায় এবং ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে। এমনকি দুর্নীতির সহযোগী হিসেবে পরিচিত পৌরসভার সহকারী প্রকৌশলী কয়েস মিয়ার বদলির আদেশ তাৎক্ষণিকভাবে স্থগিত করেও তিনি সমালোচনার জন্ম দেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা