মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি)
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬ ১৯:২২ পিএম
মাহফুজ রাসেল ও তার মাটিরাঙ্গা উপজেলার পিটাছড়ায় তৈরি বনে লজ্জাবতী বানর। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
শৈশবে স্বপ্ন ছিল সাপুড়ে হওয়ার। সাপ, বন্যপ্রাণী আর প্রকৃতির প্রতি সেই দুর্নিবার টান তাকে একসময় নিয়ে গেছে পৃথিবীর নানা প্রান্তে। পর্বতারোহণ, দুর্গম পথ পাড়ি দেওয়া, অ্যামাজনের গভীর অরণ্যে দিনযাপন, প্রতিটি অভিজ্ঞতাই ছিল প্রকৃতিকে কাছ থেকে জানার সুযোগ।
অথচ জীবনের এক পর্যায়ে যুক্তরাজ্যের ম্যানচেস্টারের অভিজাত জীবন ছেড়ে তিনি ফিরে আসেন পাহাড়ের নির্জন অরণ্যে। নিজের ও বন্ধুদের কেনা প্রায় ৭৫ একর জুড়ে গড়ে তুলেছেন ‘পিটাছড়া ফরেস্ট ও বায়োডাইভার্সিটি কনজারভেশন ইনিশিয়েটিভ’। সম্পূর্ণ জমি দান করেছেন পিটাছড়া ট্রাস্টে। তিনি পরিবেশকর্মী ও অভিযাত্রী মাহফুজ রাসেল।
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার পূর্ব খেদাছড়ার পিটাছড়ায় এখন তার স্থায়ী ঠিকানা। যেখানে একসময় বন উজাড় আর বন্যপ্রাণী শিকারের বাস্তবতা তাকে ব্যথিত করেছিল, সেখানেই তিনি গড়ে তুলেছেন জীববৈচিত্র্য সংরক্ষণের এই ব্যতিক্রমী উদ্যোগ।
তিন ভাইয়ের মধ্যে সবার ছোট রাসেলের শিক্ষাজীবন শুরু থেকে এগিয়েছে প্রচলিত ধারাতেই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও এমবিএ শেষ করে তিনি মার্চেন্ডাইজিং পেশায় যুক্ত হন। পরে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান যুক্তরাজ্যে। সেখানে কর্মজীবনের পাশাপাশি পর্বতারোহণ, ভ্রমণ ও প্রকৃতি দর্শনের প্রতি তার আগ্রহ গভীর হতে থাকে। সেই আগ্রহই একসময় তাকে নিয়ে যায় আফ্রিকার কিলিমানজারো অভিযানে।
২০১২ সালে অ্যামাজনের বনে কিছুকাল কাটান তিনি। অরণ্যের নিবিড় পরিবেশ, বন্যপ্রাণীর জীবনযাপন আর প্রকৃতির নিজস্ব ভারসাম্য তাকে নতুন করে ভাবতে শেখায়। প্রকৃতি নিয়ে তার চিন্তা ও চেতনায় আসে বড় পরিবর্তন।
২০১৬ সালে দেশে ফেরেন রাসেল। এরপর মাটিরাঙ্গার পূর্ব খেদাছড়ার পিটাছড়ায় জমি কিনে সেখানেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন। পরে নিজের ও বন্ধুদের সহযোগিতায় প্রায় ৭৫ একর জমি সংগ্রহ করেন। গড়ে তোলেন বিশাল বনভূমি। ভবিষ্যতে কেউ যেন বনটি বিক্রি করে দিতে বা সংরক্ষণের উদ্দেশ্য থেকে সরে যেতে না পারেন, সেজন্য তিনি পিটাছড়া ট্রাস্ট গঠন করেছেন।
পিটাছড়ার অরণ্য এখন জীববৈচিত্র্যের সমৃদ্ধ আশ্রয়। প্রায় ৭৫ একর জুড়ে বিস্তৃত এই বনে রয়েছে আনুমানিক ১৫০ প্রজাতির পাখি, ২৭ প্রজাতির সাপ এবং ২০ প্রজাতির ব্যাঙ ও কচ্ছপ। প্রায়ই দেখা মেলে লজ্জাবতী বানর ও বনরুইয়ের, মাঝেমধ্যে চোখে পড়ে মেছোবিড়ালও। পরিবেশ সংরক্ষণের অংশ হিসেবে এখানে গড়ে তোলা হয়েছে ছয় হাজার দেশি গাছের নার্সারি।
ভবিষ্যৎ নিয়েও পরিকল্পনা আছে রাসেলের। পিটাছড়ায় তিনি একটি গবেষণাকেন্দ্র গড়তে চান, যেখানে শিক্ষার্থী ও গবেষকেরা বনের জীববৈচিত্র্য নিয়ে কাজ করতে পারবেন। তার স্বপ্ন, পিটাছড়া একদিন শুধু সংরক্ষিত বন নয়, প্রকৃতি শিক্ষা ও গবেষণারও গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠবে।
ম্যানচেস্টারের নাগরিক জীবন থেকে পাহাড়ের অরণ্যে ফিরে আসা মাহফুজ রাসেলের এই পথচলা নিছক জীবনযাত্রার পরিবর্তন নয়। এটি প্রকৃতির প্রতি দায়বদ্ধতার এক অনন্য দৃষ্টান্ত। যে বনের মালিকানা তিনি নিজের কাছে রাখতে চাননি। তার গাছপালা, পাখি, প্রাণী ও কীটপতঙ্গের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করাই এখন তার স্বপ্ন। তার এই উদ্যোগ হয়তো একদিন আরও অনেক মানুষকে শেখাবে, প্রকৃতি ভোগের সম্পদ নয়। আগামী প্রজন্মের জন্য রক্ষা করে যাওয়ার দায়িত্ব।